অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে

· Prothom Alo

সকাল ১০টা। অফিস খুলতেই দেখা গেল প্রিন্টার কাজ করছে না। ওয়াই-ফাই চলছে থেমে থেমে, হিসাব বিভাগের ল্যাপটপ চালুই হচ্ছে না, আর জরুরি ফাইলটা আটকে আছে অন্য একটি কম্পিউটারে। ছোট ও মাঝারি অফিসে এমন দৃশ্য প্রায় রোজকার। তখন সবাই খোঁজেন এমন একজনকে, যিনি হার্ডওয়্যার বোঝেন, নেটওয়ার্ক বোঝেন, আবার মানুষের সঙ্গে ধৈর্য ধরে কথাও বলতে পারেন। অফিসের ভাষায় তিনিই ‘আইটির লোক’। এই আইটির লোক তৈরির উদ্যোগ নিয়েছেন এক্সচেঞ্জকরির দুই প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ ও এম আহসান হাবিব।

Visit asg-reflektory.pl for more information.

বড় প্রতিষ্ঠানে এ কাজের জন্য আলাদা তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগ থাকে। কিন্তু ছোট অফিসে সাধারণত একজনকেই সব সামলাতে হয়, কম্পিউটার মেরামত থেকে শুরু করে নেটওয়ার্ক, প্রিন্টার—এমনকি সিসিটিভি ক্যামেরা পর্যন্ত। এমন বহুমুখী কাজের জন্য কর্মী তৈরির লক্ষ্যে রাজধানীর মিরপুর-১১ এলাকায় প্রশিক্ষণ কোর্স চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাঠপর্যায়ে তাদের ১৭ বছরের কাজের অভিজ্ঞতা থেকে কোর্সটি সাজানো হয়েছে।

হার্ডওয়্যার থেকে নেটওয়ার্ক

উদ্যোক্তারা জানান, ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ নামের এ প্রশিক্ষণের ক্লাস হবে সশরীর শ্রেণিকক্ষে। শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ শিখবেন বিভিন্ন ধরনের যন্ত্র সামনে রেখে। এ যেন কাজের মধ্য থেকেই কাজ শেখা, নতুন নতুন সমস্যার সমাধান করতে গিয়ে বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করা।

পাঠ্যসূচি শুরু হয়েছে বিদ্যুৎ-নিরাপত্তা ও বিভিন্ন উপাদান ও টুলসের সঙ্গে পরিচিতি দিয়ে। এরপর আছে ডেস্কটপ পিসি জোড়া লাগানো, ল্যাপটপ কম্পিউটারের যন্ত্রাংশ মেরামত ও মাদারবোর্ডের সমস্যা নির্ণয়। সফটওয়্যারের দিকে উইন্ডোজ ও ম্যাকওএস, হারানো ডেটা উদ্ধার ও ডিস্ক ক্লোনিং।

তবে কোর্সের বড় অংশ একটি অফিস সচল রাখার খুঁটিনাটি নিয়ে। এর মধ্যে রয়েছে ল্যান, রাউটার ও ওয়াই-ফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার ও ফাইল শেয়ারিং, ইউপিএস-আইপিএস, সিসিটিভির সেটআপ, বিভিন্ন স্মার্ট/এআই ডিভাইস সেটআপ এবং হাজিরা মেশিনের মতো যন্ত্র বসানো।

এক্সচেঞ্জকরির দুই প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ (বাঁয়ে) ও এম আহসান হাবিব

শুধু যন্ত্র নয়, মানুষও

কোর্সে কারিগরি বিষয়ের পাশাপাশি রাখা হয়েছে সহকর্মী ও গ্রাহকের সঙ্গে যোগাযোগের কৌশল, রিমোট সাপোর্ট, পারসোনাল ব্র্যান্ডিং, সার্ভিস বিক্রির জন্য ডিজিটাল মার্কেটিং এবং এআই টুলের নানা ব্যবহার। আয়োজকদের মতে, অফিসের আইটি কর্মীর কাজের বড় অংশই হলো মানুষের সমস্যা বুঝে তার সমাধান করা, তাই এই দক্ষতাগুলোও জরুরি।

এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য এমন দক্ষতা তৈরি করা, যা দিয়ে চাকরি পাওয়া যায় কিংবা নিজেই কিছু শুরু করা যায়।’

রাসেল আহমেদের মতে, ‘প্রশিক্ষণ শেষে কেউ কোনো প্রতিষ্ঠানে আইটি এক্সিকিউটিভ হিসেবে কাজ নিতে পারেন। আবার কেউ নিজের সার্ভিস ব্যবসা, আইটি পণ্য সরবরাহ, নেটওয়ার্ক ও সিসিটিভি ক্যামেরা সার্ভিসিংয়ের কাজ শুরু করতে পারেন। আমরা যতটা গুরুত্ব দিয়ে শেখাব, ততটা গুরুত্ব দিয়ে চাকরি পেতে সাহায্য করব, থাকবে দীর্ঘমেয়াদি অ্যালামনাই সহযোগিতা।’

স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, ‘আমরা দক্ষ মানুষ পাচ্ছি না। আমাদের প্রচুর প্রকৌশলী দরকার। সিভিও অনেক পাই, কিন্তু হার্ডওয়্যার খাতে দরকার হাতে-কলমে কাজ জানা দক্ষ মানুষ। এ খাতে চাহিদা অনেক, অথচ সেই অনুযায়ী দক্ষ জনবল পাওয়া কঠিন। লোক একেবারে পাই না, তা নয়। তবে দক্ষ কর্মী সাধারণত অন্য প্রতিষ্ঠান থেকে নিতে হয়। আর নতুন যাঁদের সিভি পাই, তাঁদের কাজ শেখাতে তিন থেকে চার মাস সময় লাগে। এর পেছনে আমাদের বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। এক্সচেঞ্জকরি টেক একাডেমি এ ক্ষেত্রে খুব ভালো উদ্যোগ নিয়েছে। আমরা হাতে-কলমে দক্ষ মানুষ চাই, তাঁদের চাকরিও দিতে চাই। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান মনে করেন, যন্ত্রাংশ যত আধুনিক হচ্ছে, তা ঠিকভাবে বসানো ও রক্ষণাবেক্ষণের দক্ষতাও তত জরুরি হয়ে উঠছে। তিনি বলেন, ‘হাতে-কলমে প্রশিক্ষণ পাওয়া কর্মী থাকলে অফিসের ছোটখাটো সমস্যার জন্য বাইরের কারও ওপর নির্ভর করতে হয় না। এতে সময় ও খরচ দুটিই বাঁচে।’

আয়োজকেরা জানান, প্রথম দফায় দুটি ব্যাচ শুরু হচ্ছে ২১ নভেম্বর। একটির ক্লাস হবে সপ্তাহের কর্মদিবসে, অন্যটি চাকরিজীবী ও শিক্ষার্থীদের কথা ভেবে শুধু শুক্র ও শনিবার। প্রতিটি ব্যাচে আসন ২০টি, কোর্স ফি ৩০ হাজার টাকা। বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

Read full story at source