প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা
· Prothom Alo

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি এখন ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিস্তার ঘটতে পারে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
Visit turconews.click for more information.
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১১ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, আগামীকাল থেকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
নাজমুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়টি আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে যেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।