প্যাকেটজাত খাবারের সতর্কবার্তা: তরুণদের জানার অধিকার

· Prothom Alo

বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে ক্যানটিনে ঢুকেছি। সামনে সাজানো বিস্কুট, নুডলস, চিপস, কোমল পানীয়সহ নানা ধরনের প্যাকেটজাত খাবার। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি প্যাকেট হাতে নিলাম। চোখে পড়ল ‘টেস্টি’, ‘ফ্রেশ’, ‘এনার্জি’, ‘ফান’ এমন সব আকর্ষণীয় শব্দ। রঙিন ছবি, পরিচিত ব্র্যান্ড আর চটকদার নকশা সহজেই দৃষ্টি কেড়ে নেয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে গিয়ে থমকে গেলাম: এই খাবারে চিনি, লবণ কিংবা ক্ষতিকর চর্বির পরিমাণ কত?

প্যাকেটের পেছনে ছোট ছোট অক্ষরে কিছু তথ্য রয়েছে। কিন্তু একজন ব্যস্ত শিক্ষার্থী কিংবা সাধারণ ক্রেতার পক্ষে কয়েক সেকেন্ডের মধ্যে সেই তথ্য পড়ে, বুঝে এবং অন্য একটি পণ্যের সঙ্গে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া কতটা সম্ভব? সেদিনের এই ছোট্ট প্রশ্নটিই আমার কাছে একটি বড় জনস্বাস্থ্য প্রশ্ন হয়ে দাঁড়ায়। শুধু তথ্য সরবরাহ করাই কি যথেষ্ট, নাকি তথ্য এমনভাবে উপস্থাপন করা প্রয়োজন, যাতে মানুষ সহজেই তা বুঝে সিদ্ধান্ত নিতে পারে?

Visit mwafrika.life for more information.

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে ফ্রন্ট অব প্যাক লেবেলিং বা এফওপিএল। এটি এমন একটি ব্যবস্থা, যেখানে খাবারের প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য ও দৃশ্যমান পুষ্টিগত সতর্কবার্তা দেওয়া হয়। এর মাধ্যমে একজন ভোক্তা দ্রুত বুঝতে পারেন, কোনো পণ্যে অতিরিক্ত চিনি, লবণ কিংবা স্যাচুরেটেড ফ্যাট রয়েছে কি না। সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য জানতে একজন ভোক্তাকে পুষ্টিবিজ্ঞানের বিশেষজ্ঞ হতে হবে কেন? কিংবা প্যাকেটের পেছনের ছোট অক্ষর বিশ্লেষণ করতে হবে কেন?

বাংলাদেশে অসংক্রামক রোগ—যেমন হৃদ্‌রোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও ক্যানসার ইতিমধ্যে বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে ঘটে। এসব রোগের প্রভাব শুধু স্বাস্থ্য খাতেই সীমাবদ্ধ নয়; পরিবার, কর্মক্ষমতা, অর্থনীতি এবং দেশের সামগ্রিক উন্নয়নেও এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণ এসব রোগের গুরুত্বপূর্ণ ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাহলে খাবারের প্যাকেটের সামনে একটি সহজ সতর্কবার্তা যদি মানুষকে আরও সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে, তবে সেটি জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হবে না কেন?

বাংলাদেশে প্যাকেটজাত খাদ্যের লেবেলিং নিয়ে আলোচনা নতুন নয়। ২০১৭ সালের প্যাকেটজাত খাদ্য লেবেলিং প্রবিধান বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোর অংশ। তবে সময়ের সঙ্গে খাদ্যবাজার বদলেছে, প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের বৈচিত্র্য বেড়েছে এবং খাদ্যাভ্যাসজনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগও বাড়ছে। ফলে শুধু উপাদান তালিকা কিংবা পুষ্টিগত তথ্যের উপস্থিতি যথেষ্ট কি না, সেই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশের গবেষণাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছে। ২০২৪ সালে প্রকাশিত একটি গবেষণায় দেশের শহর ও গ্রামীণ এলাকার ৭৬ জন অংশগ্রহণকারীর মতামত বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণ পুষ্টিগত তথ্যের তুলনায় সতর্কতামূলক লেবেল অস্বাস্থ্যকর খাবার শনাক্ত করতে সহজবোধ্য বলে বিবেচিত হয়েছে। অংশগ্রহণকারীরা সতর্কতামূলক লেবেলকে আরও কার্যকরভাবে বোঝার এবং খাদ্য নির্বাচনে প্রভাব ফেলতে সক্ষম বলে মনে করেছেন ২। অর্থাৎ একজন ক্রেতাকে দীর্ঘ হিসাবের মধ্যে না ফেলে প্যাকেটের সামনেই স্পষ্ট তথ্য দেওয়া হলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হতে পারে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

এই যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে ২০২৫ সালের ২০ আগস্ট। ওই দিন বাংলাদেশের ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তমন্ত্রণালয় সমন্বয় জোরদার করার বিষয়ে একটি Joint Declaration-এ স্বাক্ষর করে১। এর মধ্য দিয়ে অসংক্রামক রোগ প্রতিরোধকে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে না দেখে সমগ্র সরকারের সমন্বিত উদ্যোগ হিসেবে বিবেচনার অঙ্গীকার সামনে আসে।

একজন তরুণ হিসেবে এই অগ্রগতি আমাকে আশাবাদী করে। কারণ, খাদ্যাভ্যাস আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে, কিন্তু খাদ্যনীতি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে সীমাবদ্ধ নয়। খাদ্য, বাণিজ্য, শিল্প, কৃষি, শিক্ষা ও ভোক্তা অধিকার সব ক্ষেত্রই এর সঙ্গে সম্পর্কিত। তাই এফওপিএলের মতো উদ্যোগকে একক কোনো মন্ত্রণালয়ের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি সমন্বিত সরকারি জনস্বাস্থ্য উদ্যোগ হওয়া প্রয়োজন।

২০২৬ সাল বাংলাদেশের এফওপিএল নীতিগত অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ বছর। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)  ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’-এর খসড়ায় নির্ধারিত মাত্রার বেশি চিনি, লবণ কিংবা স্যাচুরেটেড ফ্যাট থাকা পণ্যের প্যাকেটের সামনে বাধ্যতামূলক সতর্কতা চিহ্ন দেওয়ার প্রস্তাব করেছে। ২০২৬ সালের ৩০ জুন খসড়াটি খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে আজ পর্যন্ত এর চূড়ান্তকরণের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি ৩।

এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে খসড়া প্রবিধান এবং চূড়ান্তভাবে কার্যকর প্রবিধানের মধ্যে পার্থক্য রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দীর্ঘদিনের আলোচনা, গবেষণা ও নীতিগত উদ্যোগকে একটি কার্যকর, বিজ্ঞানভিত্তিক এবং জনস্বাস্থ্যকেন্দ্রিক নিয়ন্ত্রক ব্যবস্থায় রূপ দেওয়া।

ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের দোকান পর্যন্ত তরুণরা প্রতিদিন প্যাকেটজাত খাবারের ভোক্তা। আমরা আগামী দিনের কর্মশক্তি, উদ্যোক্তা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও নীতিনির্ধারক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা আজকের ভোক্তাও। তাই এফওপিএল নিয়ে তরুণদের কণ্ঠস্বর কেবল প্রতীকী অংশগ্রহণ নয়; এটি নিজেদের বর্তমান ও ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে কথা বলার অধিকার।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে এফওপিএল নিয়ে তরুণদের অংশগ্রহণ বাড়ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের আগস্টে অনুষ্ঠিত একটি কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এফওপিএল, স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন, জনস্বাস্থ্য এবং সম্ভাব্য শিল্প খাতের আপত্তি নিয়ে আলোচনা করেছে। এ ধরনের উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, তরুণরা শুধু সচেতনতা তৈরির শ্রোতা হতে চায় না; তারা নীতিগত আলোচনার সক্রিয় অংশীদার হতে চায়।

একটি সতর্কতামূলক লেবেল কি সত্যিই পরিবর্তন আনতে পারে? অবশ্যই এর সম্ভাবনা রয়েছে, তবে এটিকে কোনো জাদুকরি সমাধান হিসেবে দেখা উচিত নয়। একটি লেবেল একদিনে মানুষের খাদ্যাভ্যাস বদলে দেবে না। কিন্তু এটি গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রয়োজনীয় তথ্য দিতে পারে। চিলির অভিজ্ঞতা দেখিয়েছে, বাধ্যতামূলক সতর্কতামূলক লেবেলিং ভোক্তাদের খাদ্য নির্বাচনকে প্রভাবিত করার পাশাপাশি খাদ্য উৎপাদনকারীদের পণ্যের উপাদান ও গঠন পরিবর্তনে উৎসাহিত করতে পারে ৪। ফলে এফওপিএল এর সম্ভাব্য প্রভাব দুই দিকেই ভোক্তা আরও ভালোভাবে জানতে পারবেন, আর শিল্প খাত স্বাস্থ্যকর পণ্য তৈরিতে উৎসাহিত হতে পারে।

একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমি চাই না, সরকার আমার হয়ে সিদ্ধান্ত নিক আমি কী খাব। আমি শুধু চাই, সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার আমাকে সত্যিটা সহজভাবে জানাক। আমি যদি জানতে পারি, কোনো পণ্যে অতিরিক্ত চিনি কিংবা লবণ রয়েছে, তাহলে সিদ্ধান্তটি আমার। আমি হয়তো পণ্যটি কিনব, হয়তো অন্যটি বেছে নেব। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমাকে দিতে হবে। এটাই ভোক্তার জানার অধিকার।

বাংলাদেশ এফওপিএলের পথে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিদ্যমান লেবেলিং কাঠামো থেকে গবেষণা, গবেষণা থেকে নীতিগত আলোচনা, আন্তমন্ত্রণালয়িক অঙ্গীকার এবং ২০২৬ সালের খসড়া প্রবিধান পর্যন্ত। এখন প্রয়োজন এই ধারাবাহিকতাকে কার্যকর বাস্তবতায় রূপ দেওয়া। এর জন্য বিজ্ঞানভিত্তিক পুষ্টিগত মানদণ্ড, স্পষ্ট সতর্কতামূলক চিহ্ন, যথাযথ প্রয়োগ এবং জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া জরুরি।

২০২৫ সালের জয়েন্ট ডিক্লিয়ারেসন সরকারকে অসংক্রামক রোগ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপের অঙ্গীকার দিয়েছে। এখন সেই অঙ্গীকার বাস্তবে কতটা রূপ নেয়, সেটিই হবে আসল পরীক্ষা।

আমাদের সামনে প্রশ্নটি খুব সরল: একটি খাবারের প্যাকেট আমাদের কী খেতে হবে, তা বলে দেবে না। কিন্তু সেটি আমাদের সত্যিটা জানাবে কি না সেই সিদ্ধান্ত রাষ্ট্রের। আমরা তরুণেরা শুধু আগামী দিনের বাংলাদেশ নই; আমরাই সেই বাংলাদেশ, যে বাংলাদেশ আজ সিদ্ধান্ত নিচ্ছে আগামী প্রজন্ম কতটা সুস্থ থাকবে।

তাই এফওপিএল  শুধু একটি লেবেল নয়। এটি ভোক্তার জানার অধিকার, প্রতিরোধমূলক জনস্বাস্থ্যের বিনিয়োগ এবং শেষ পর্যন্ত একটি সুস্থ বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকার।

তথ্যসূত্র

1.       World Health Organization (WHO) Bangladesh. (2025, September 7). A Nation Unites 35 Ministries in Landmark Move to Fight Against Noncommunicable Diseases. https://www.who.int/bangladesh/news/detail/07-09-2025-a-nation-unites-35-ministries-in-landmark-move-to-fight-against-noncommunicable-diseases

2.       Designing Front-of-Package Labels to Inform Consumers and Encourage Healthier Food Choices in Bangladesh: A Qualitative Study. (2024). Current Developments in Nutrition. https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC11642975/

3.       The Business Standard. (2026, September 30). Warning symbols proposed on packaged foods in limbo. https://tob.news/warning-symbols-proposed-on-packaged-foods-in-limbo/

4.       Taillie, L. S., et al. Research on Chile's mandatory front-of-package warning labels and food product reformulation. Relevant research can be accessed through PubMed: https://pubmed.ncbi.nlm.nih.gov/?term=Chile+front-of-package+warning+labels+reformulation+Taillie

Read full story at source