‘নিরাপত্তার কারণে’ খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

· Prothom Alo

‘নিরাপত্তার কারণে’ খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। বুধবার বেলা দুইটার পর থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার কোনো বাস খুলনা থেকে ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

খুলনার দূরপাল্লার বাসগুলোর বড় অংশ গোপালগঞ্জ হয়ে ঢাকায় চলাচল করে। বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের খবর পাওয়ার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পরিবহনমালিক ও শ্রমিকেরা।

Visit moryak.biz for more information.

এদিকে বুধবার দুপুরের আগেই বাগেরহাট থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলো থেকে বৃহস্পতিবারের জন্যও টিকিট বুকিং বা বিক্রি করছে না। তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাগেরহাটের দোলা বাস কাউন্টারের কাউন্টার ইনচার্জ মুস্তাকিম বিল্লাহ বলেন, নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। সাড়ে ১১টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি গাড়ি গোপালগঞ্জ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। এর পর থেকে আর গাড়ি চলছে না। অন্য পরিবহনগুলো বাস চলাচল বন্ধ রেখেছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান প্রথম আলোকে বলেন, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাগেরহাটের ফকিরহাট থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে কাশিয়ানী সড়কেও গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরির খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এরপর পরিবহনমালিকেরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

জাহিদ হোসেন খান আরও বলেন, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে। আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস সচল থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’–এর সোনাডাঙ্গা কাউন্টারের ব্যবস্থাপক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে বেলা দুইটার পর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।

আবদুল কাদের আরও বলেন, টুঙ্গিপাড়া নামটি নিয়ে বিরোধের কারণে নিরাপত্তার স্বার্থে তাঁরা নিজেদের কাউন্টারের সাইনবোর্ড থেকে আপাতত নামটি ঢেকে দিয়েছেন।

সন্ধ্যায় নগরের রয়েল মোড়ের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টারে গিয়ে দেখা যায়, কাউন্টারের দরজার সামনে থাকা ছোট সাইনবোর্ডে টুঙ্গিপাড়া লেখা অংশ কালো রং স্প্রে করে ঢেকে দেওয়া হয়েছে। বাইরের বড় সাইনবোর্ডটি ভাঙা। ভেতরের বোর্ডগুলোতেও টুঙ্গিপাড়া লেখা অংশ সাদা কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে।

১৫ জেলায় নাশকতা, দুজন নিহত, বাস ও রেললাইনে আগুন

জানা গেছে, খুলনা মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা ‘টুঙ্গিপাড়া’ শব্দটি মুছে দিয়েছেন। তবে এ বিষয়ে কাউন্টারের কেউ কথা বলতে রাজি হননি।

রয়েল মোড়ের ফাল্গুনি পরিবহনের ব্যবস্থাপক সাব্বির হোসেন বলেন, গোপালগঞ্জ হয়ে বাস চলাচল করতে গিয়ে ঝামেলা হচ্ছে। তাঁদের একটি বাসেও সকালে কিছুটা সমস্যা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাস চলাচলের কথা থাকলেও পরিস্থিতি আরও খারাপ হলে বাস ছাড়বে না।

বাগেরহাট বাস–মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও খুলনা-বাগেরহাট বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যেসব বাস রয়েছে এগুলোর মালিক ও চলাচলের পদ্ধতি আলাদা। এসব পরিবহন চলাচল এবং বন্ধ করার বিষয়ে মালিকেরা এককভাবে সিদ্ধান্ত নেন।

Read full story at source