রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী
· Prothom Alo

রাজধানী ঢাকায় ট্রাফিক–ব্যবস্থার উন্নতির কারণে যানবাহনের গতি ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক–ব্যবস্থার উন্নতি করেছে। ফলে আগের তুলনায় যানজট পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
Visit chickenroad.qpon for more information.
প্রধানমন্ত্রী বলেন, আগে রাজধানীতে যানবাহনের গতি ছিল মাত্র ঘণ্টায় চার কিলোমিটার। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক–ব্যবস্থার উন্নতি করেছে, যাতে মানুষ আরও দ্রুত যাতায়াত করতে পারে। তিনি বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে সেগুলো এখনো চালু হয়নি। আগামী দুই মাসের মধ্যে এগুলো চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেট্রোরেলের বাকি রুটগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে মনোরেলের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বিএনপির সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই উৎস চালু করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন। শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও তিনি করেছিলেন। বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ এবং অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট সাপ্তাহিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে, ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
জামায়াতের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের আমলে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা প্রকট আকার ধারণ করেছিল। ওই সময় ক্ষমতাসীনদের লোকজন বিদেশে নেওয়ার নাম করে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। এসব সিন্ডিকেটের কারণে বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল, কোথাও স্থগিত করেছিল, আবার কোথাও কর্মী নেওয়ার প্রক্রিয়া ধীর করে দিয়েছিল।
সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বরবর্তমান সরকার মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানো যাবে। এর মধ্যে বিগত স্বৈরাচারের সময়ে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্য থেকে ১ হাজার জনকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেবে। একই সঙ্গে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলো চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার বলে জানান তিনি।
ঋণখেলাপি গ্রুপের সম্পদ পুনরুদ্ধার
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেওয়ানি কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে এস আলম, বেক্সিমকো, সিকদার, ওরিয়নসহ মোট ছয়টি ঋণগ্রহীতা গ্রুপকে নির্বাচন করা হয়েছে। এ দেওয়ানি কার্যক্রমে কনসোর্টিয়ামভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো পৃথকভাবে নয়, বরং সম্মিলিতভাবে সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ
বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিশু-কিশোর ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের অন্তত ১ হাজার ইউনিয়নে তিন থেকে আট বিঘা জমিতে উন্মুক্ত খেলার মাঠ প্রতিষ্ঠার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩৮টি জেলা থেকে ৫৫৩টি ইউনিয়নের তথ্য পাওয়া গেছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবশন। ১৮ নভেম্বরপ্রতিবন্ধী শনাক্ত ৪০ লাখের বেশি
জামায়াতের সংসদ সদস্য আবদুল গফুরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সমাজসেবা অধিদপ্তরের চলতি অক্টোবর পর্যন্ত শনাক্ত ও নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ৪০ লাখ ৫৬ হাজার ৬২১ জন। ১০ মার্চ থেকে গত ৩০ অক্টোবর পর্যন্ত ৭৪ হাজার ২২৬ নারীকে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্রোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তাও বাড়ানো হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে ৯ লাখের বেশি গাছ রোপণ
জামায়াতের সংসদ সদস্য আবু তালিবের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ১৬ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ৯ লাখ ১৮ হাজার ৪৭৯টি গাছ রোপণ করা হয়েছে।
সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা
জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগপ্রক্রিয়া যুগোপযোগী করার লক্ষ্যে গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী, সব সার ডিলার সরকার নিযুক্ত, সরকারি নিবন্ধনকৃত ও সরকারি তালিকাভুক্ত ডিলার হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে বিসিআইসি ডিলার ও বিএডিসি ডিলার নামে কোনো বিভাজন থাকবে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সব ডিলার তাঁদের অধিক্ষেত্রে মাসিক অনুমোদিত চাহিদার ভিত্তিতে যথানিয়মে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ পাবেন।
প্রধানমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অযোগ্য ব্যক্তিকে ডিলার নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‘আপনাদের গলার আওয়াজ এই পর্যন্ত আসছে’
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলাকালে কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তাঁদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেছেন, ‘আপনাদের গলার আওয়াজ এই পর্যন্ত আসছে।’
আজ বুধবার জাতীয় সংসদের বৈঠকের শুরুতে ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। সাধারণত সম্পূরক প্রশ্ন করার জন্য সংসদ সদস্যরা হাত তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি প্রশ্নের জবাব দেওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান দাঁড়িয়ে কথা বলার সুযোগ চান। বিদেশে কর্মসংস্থান নিয়ে সম্পূরক প্রশ্ন করতে চান বলে তাঁকে বলতে শোনা যায়।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল ওই সদস্যকে নিজ আসনে বসার অনুরোধ করেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের উদাহরণ টেনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরেন। সামনের দিক থেকে তৃতীয় সারিতে বসা কয়েকজন সংসদ সদস্যের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘আমার ফ্রন্টের থার্ড রোতে যাঁরা আছেন, দুই-তিনজন বসছেন, আপনাদের গলার আওয়াজ এই পর্যন্ত আসছে। প্লিজ বি রেসপেক্টফুল টু আদার্স অ্যান্ড ইয়োরসেলফ অ্যাজ ওয়েল।’