নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান
· Prothom Alo

নানা ধর্মীয় আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসের টরসির স্থানীয় হলরুমে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানশ্রেষ্ট কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে রোববার (১৩ নভেম্বর) ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।
কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে চলে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ অনুষ্ঠান। এ সময় বিহার প্রাঙ্গণে বৌদ্ধধর্মালম্বীরা উপস্থিত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন এবং জগতের সবার সুখ–শান্তি প্রত্যাশার প্রার্থনার পাশাপাশি চীবর দান করেন।
Visit somethingsdifferent.biz for more information.
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
সকালে অষ্টউপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হয়। বিকেলে কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের।
প্রধান ধর্মালোচক ছিলেন ভদন্ত মেত্তাবংশ মহাথের, উদ্বোধনী বক্তব্য দেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন থাইল্যান্ড থেকে আসা ভদন্ত মহানিমিত চাইযারয়েন, ভদন্ত শাক্যবংশ মহাথের। অন্যদের মধ্যে ভদন্ত প্রিয়রত্ন থের, ভদন্ত বিমলানন্দ থের, ভদন্ত অমৃতানন্দ থের, ভদন্ত অপ্রমাদ ভিক্ষু প্রমুখ দেশনা করেন।
স্নিগ্ধা বড়ুয়া ও মিন্টু বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন দেশপ্রিয় বড়ুয়া টিংকু, স্বাগত বক্তব্য দেন উদ্যাপনী পরিষদের সভাপতি পুলক বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্যাপনী পরিষদের সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকেরা এ উৎসবে অংশ নেন।
সবশেষে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রখ্যাত শিল্পী পবন দাস বাউলসংগীত পরিবেশন করেন।
বক্তারা বলেন, ফ্রান্সে বেড়ে ওঠা দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে, বাংলা ভাষার চর্চা করছে। এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, মহামিলনের এ স্ফুরণ, যা আমাদের শিকড়ের কথা স্মরণ করে দেয়।
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আচার অনুসারে প্রায় আড়াই হাজার বছর পূর্বে মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক গৌতম বুদ্ধের জীবদ্দশায় কঠিন চীবর দান প্রবর্তিত হয়, সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় এই মহাপুণ্যময় শুভ কঠিন চীবর দানোৎসব আয়োজন করা হয়। প্রসঙ্গত, বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাস পালন করেন, বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই সময়টিতে বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক-উপাসিকারা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা এ মহাপুণ্যময় আয়োজন পালন করে থাকেন।