ম্যাক্সিমালিস্ট ব্রাইডাল ফ্যাশনে কোমল পাণ্ডের আবেদনকাড়া স্টাইলিং

· Prothom Alo

ব্রাইডাল ফ্যাশনে নিরীক্ষা আর জমকালো স্টাইলিং—সব মিলিয়ে অনন্য কোমল পাণ্ডে। ভারতের জনপ্রিয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর কোমল বিশেষ করে তাঁর ম্যাক্সিমালিস্ট ব্রাইডাল লুকের জন্য পরিচিত। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে বিয়ের সাজকে কীভাবে আরও বর্ণিল, আড়ম্বরপূর্ণ ও দৃষ্টিনন্দন করে তোলা যায়, তা তাঁর স্টাইলিংয়ে স্পষ্ট।

ভারতীয় ফ্যাশনে প্রচলিত ধারার বাইরে গিয়ে পোশাক ও সাজকে নতুনভাবে উপস্থাপন করার জন্য পরিচিত কোমল পাণ্ডে। বিশেষ করে ব্রাইডাল ফ্যাশনে তাঁর নিরীক্ষাধর্মী স্টাইলিং, জমকালো গয়নার ব্যবহার এবং ম্যাক্সিমালিস্ট লুকের প্রতি ভালোবাসা তাঁকে দিয়েছে আলাদা পরিচিতি।

Visit michezonews.co.za for more information.

ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের সঙ্গে পাশ্চাত্য অনুষঙ্গের মেলবন্ধন ঘটিয়ে প্রতিটি লুকে তৈরি করেন নিজস্ব নান্দনিকতা। তাঁর ফ্যাশনিস্তা অনুসারীদের কাছে এই স্বতন্ত্র ফ্যাশনধারা পরিচিত ‘কোমলকোর’ নামে।

কোমলের ফ্যাশনজগতে পথচলা শুরু ব্লগার হিসেবে। নিজের ফ্যাশনবিষয়ক ব্লগ ‘দ্য কলেজ কত্যুর’ দিয়ে শুরু হয়েছিল তাঁর এই যাত্রা। সেখানে পোশাক, সাজসজ্জা ও ব্যক্তিগত ফ্যাশন ভাবনা তুলে ধরতেন তিনি। পরবর্তী সময়ে ভারতের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পপএক্সওতে কাজ করেন। যুক্ত ছিলেন ফ্যাশন সাময়িকী ‘হারপারস বাজার ব্রাইড’-এর সঙ্গেও।

এরপর ২০১৮ সালে পূর্ণকালীন কনটেন্ট নির্মাতা হিসেবে কাজ শুরু করেন কোমল। ইনস্টাগ্রাম ও ইউটিউবে ফ্যাশনবিষয়ক ভিডিও, পোশাকের নতুন উপস্থাপনা এবং সৃজনশীল স্টাইলিংয়ের মাধ্যমে ধীরে ধীরে তৈরি করেন স্বতন্ত্র পরিচিতি।

কোমলের ফ্যাশন ভাবনার অন্যতম বৈশিষ্ট্য মিক্স অ্যান্ড ম্যাচ স্টাইলিং। পরিচিত পোশাকের সঙ্গে অপ্রত্যাশিত অনুষঙ্গ মিলিয়ে তৈরি করেন একেবারে নতুন লুক।

কখনো ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের সঙ্গে পাশ্চাত্য ধাঁচের করসেট, কখনো শাড়ির সঙ্গে ক্রপ টপ, ব্রালেট, শার্ট কিংবা জ্যাকেট। শাড়ি বা লেহেঙ্গা পরার ধরনেও থাকে নানা নিরীক্ষা।

প্রচলিত ব্লাউজ কিংবা ড্রেপিংয়ের বাইরে গিয়ে পোশাককে নতুন অবয়ব দেন তিনি। পশ্চিমা পোশাকের সঙ্গে ভারতীয় ঐতিহ্যে মিলিয়ে তৈরি করেন ইন্দো-ওয়েস্টার্ন লুকও।

পোশাকের রং, কাট, ফেব্রিক ও অলংকরণ নিয়ে তাঁর এই নিরীক্ষাই পরিচিত লুককেও করে তোলে ব্যতিক্রমী।

কোমলের স্টাইলিংয়ে ম্যাক্সিমালিস্ট ফ্যাশনের প্রভাবও বেশ স্পষ্ট। এই ট্রেন্ডে একসঙ্গে প্রাধান্য পায় নানা রং, নকশা, অলংকার ও অনুষঙ্গ।

তাঁর সাজেও দেখা যায় রঙের সাহসী ব্যবহার, জমকালো অলংকার এবং মেকআপের বৈচিত্র্য। তবে শুধু বেশি অনুষঙ্গ ব্যবহার করাই তাঁর উদ্দেশ্য নয়। বরং লুকের প্রতিটি উপাদান এমনভাবে বেছে নেন ও মিলিয়ে নেন, যাতে পুরো সাজে বজায় থাকে নান্দনিকতা ও ভারসাম্য।

ব্রাইডাল ফ্যাশনে কোমলের এই সৃজনশীলতা আরও বেশি নজর কাড়ে। ভারতীয় বিয়ের চিরাচরিত সাজকে নিজের মতো করে উপস্থাপন করেন তিনি। লেহেঙ্গা, শাড়ি, ওড়না, ভারী গয়না ও মাথার অলংকারের পরিচিত অনুষঙ্গগুলোই তাঁর স্টাইলিংয়ে পায় নতুন রূপ।

কখনো বেছে নেন চিরাচরিত লাল, কখনো একাধিক রঙের সাহসী মেলবন্ধন। আবার কখনো ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে যুক্ত করেন আধুনিক কাটের ব্লাউজ।

তাঁর ব্রাইডাল লুকগুলোতে যেমন থাকে বিয়ের সাজের চেনা আড়ম্বর, তেমনি ব্যক্তিগত রুচি ও নিরীক্ষার ছাপও থাকে । প্রচলিত ধারার বাইরে গিয়ে বিয়ের সাজে নতুনত্ব খুঁজছেন, এমন অনেক তরুণীর কাছেও তাঁর স্টাইলিং অনুপ্রেরণা হয়ে উঠেছে।

বিয়ের সাজে গয়না নির্বাচনের ক্ষেত্রেও কোমল বেশ সাহসী। ভারী নেকলেস, বড় কানের দুল, মাথাপট্টি, টিকলি, নথ কিংবা একাধিক স্তরের অলংকার—সবই জায়গা পায় তাঁর সাজে।

কখনো পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে গয়না বেছে নেন, আবার কখনো বৈপরীত্য তৈরি করে সাজে যোগ করেন নতুন মাত্রা। চোকারের সঙ্গে লম্বা হার কিংবা মাথার অলংকারের সঙ্গে বড় কানের দুলের সমন্বয়েও থাকে তাঁর নিজস্ব স্টাইলিংয়ের ছাপ।

একই সঙ্গে ওড়না পরার ধরন, চুলের সাজ ও মেকআপেও রাখেন বৈচিত্র্য। ফলে পরিচিত লেহেঙ্গা কিংবা শাড়িও তাঁর উপস্থাপনায় হয়ে ওঠে অন্য রকম।

পোশাকের ধরন অনুযায়ী চুল ও মেকআপেও বৈচিত্র্য রাখেন কোমল। কখনো টানটান করে বাঁধা খোঁপা, কখনো খোলা চুল, আবার কখনো নানা অনুষঙ্গে চুলের সাজকে করে তোলেন বিশেষ আকর্ষণীয়।

বিশেষ করে ব্রাইডাল লুকে জমকালো গয়নার পাশাপাশি হেয়ারস্টাইলেও বেশ গুরুত্ব দেন তিনি। চোখের সাজে থাকে বোল্ড ছোঁয়া, তবে ঠোঁটের সাজে ন্যুড ও বাদামি রঙের লিপস্টিকই বেশি পছন্দ তাঁর।

সব মিলিয়ে পোশাক, গয়না, চুল ও মেকআপ—প্রতিটি অনুষঙ্গকে আলাদাভাবে নয়, বরং একসঙ্গে কীভাবে সাজের সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়, সেদিকেই বিশেষ মনোযোগ থাকে কোমলের।

নিজের স্বতন্ত্র উপস্থাপনার কারণে দেশি-বিদেশি বিভিন্ন ফ্যাশন ও বিউটি ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছেন কোমল। তবে তাঁর কনটেন্টের বড় আকর্ষণ এখনো পোশাক ও সাজের অভিনব উপস্থাপনা। তাঁর লুকের প্রতিটি অনুষঙ্গ তুলে ধরার ধরন তাঁর ফ্যাশন কনটেন্টকে করে তুলেছে আরও আকর্ষণীয়। শুধু একটি পোশাক পরা নয়, সেটিকে কতভাবে নতুন করে সাজানো যায়, সেই ভাবনাও তুলে ধরেন তিনি।

ফ্যাশনকে নির্দিষ্ট কোনো নিয়মে আটকে রাখতে চান না কোমল পাণ্ডে। বরং পরিচিত পোশাক, গয়না ও অনুষঙ্গকে নতুনভাবে মিলিয়ে নিজের মতো করে তৈরি করেছেন একটি স্বতন্ত্র ফ্যাশনের ভাষা।

বিশেষ করে ব্রাইডাল ফ্যাশনে তাঁর স্টাইলিং দেখায়, বিয়ের সাজ মানেই শুধু চিরাচরিত স্টাইলিং নয়। ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখেও তাতে যোগ করা যায় আধুনিকতা, নিরীক্ষা ও ব্যক্তিগত রুচির ছাপ। আর এই আড়ম্বর ও সৃজনশীলতার মেলবন্ধনই কোমল পাণ্ডের ফ্যাশনকে দিয়েছে আলাদা পরিচিতি।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source