২০২৭ সালে বিশ্বজুড়ে আলোচনায় থাকবে যে ১০ বিষয়

· Prothom Alo

দ্য ইকনমিস্ট প্রতিবছর ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড’ নামে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে। এতে পরের বছর কোন বিষয়গুলো বিশ্বে বেশি প্রভাব ফেলতে পারে, তা নিয়ে পত্রিকাটির বিশ্লেষণ থাকে। ২০২৭ সালের সংখ্যায় রাজনীতি, যুদ্ধ, অর্থনীতি, প্রযুক্তি ও জলবায়ু—সব বিষয়ই এসেছে।

Visit tr-sport.bond for more information.

এবারের প্রচ্ছদে অনেক ছবি ও প্রতীক আছে। সেগুলো দেখে অনেকে ছবিগুলোর মানে খুঁজছেন। কেউ কেউ এ নিয়ে ভিডিও ও পডকাস্টও করছেন। তবে প্রচ্ছদে থাকা প্রতিটি ছবির আলাদা ব্যাখ্যা দ্য ইকনমিস্ট দেয়নি।

সংখ্যাটিতে কয়েকটি বড় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ, ইরান যুদ্ধের প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, ফ্রান্সের নির্বাচন ও তাইওয়ান নিয়ে চীনের অবস্থান। এসব বিষয় নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

যে ১০টি বিষয়ে নজর থাকবে

আধুনিক জীবনকে অনেক সময় কল্পবিজ্ঞানের গল্পের মতো মনে হয়। মহাকাশে কম্পিউটার বসাতে চান, এমন এক রকেট ব্যবসায়ী বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছেন। ড্রোন যুদ্ধের ধরন বদলে দিয়েছে। চালক ছাড়াই ট্যাক্সি চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল নিজের মতো আচরণ করছে। মানুষের মতো দেখতে রোবটও এগিয়ে আসছে। এমন ওষুধের ইনজেকশন আছে, যা মানুষকে রোগা ও সুস্থ হতে সাহায্য করে, যদি সেগুলোর খরচ বহন করার সামর্থ্য থাকে। শুধু ভিনগ্রহের প্রাণীরাই বাকি। ২০২৭ সালে তাদের দেখা মিলবে বলে মনে হয় না। তবে অন্য ১০টি বিষয় নজরে রাখা দরকার।

১. ট্রাম্প-পরবর্তী সময়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর পরিস্থিতি কিছুটা স্থির হলে ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতা শুরু হবে। তবে ট্রাম্প নিষ্ক্রিয় হয়ে পড়বেন না। বরং তাঁকে মনে হতে পারে ধ্বংসাত্মক এক ভিডিও গেমের পাখির মতো। নিজের প্রভাব ধরে রাখতে এবং নিজের উত্তরাধিকার ঠিক করে দিতে তিনি আরও নির্বাহী আদেশ জারি করতে পারেন।

আইনি বিরোধ, হঠাৎ করে বিভিন্ন জায়গার নাম বদল, বড় বড় নির্মাণ প্রকল্প এবং সামরিক অভিযানও দেখা যেতে পারে। এদিকে ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্র কেমন হবে, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হবে।

২. ইরান সংঘাতের পরিণতি

যুক্তরাষ্ট্রে ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ

ইরান সংঘাতের দ্রুত ও পরিষ্কার সমাধান হওয়ার সম্ভাবনা কম। তাই অনিশ্চয়তা চলতে থাকবে। ট্রাম্পের ভুল সিদ্ধান্তে শুরু হওয়া যুদ্ধ যুক্তরাষ্ট্রের মর্যাদা কমিয়েছে। দেশটির মিত্ররা এখন আর যুক্তরাষ্ট্রকে আগের মতো বিশ্বাস করে না, আর শত্রুরাও আগের মতো ভয় পায় না।

এই যুদ্ধের প্রভাব ২০২৭ সালজুড়েও থাকবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তন আসতে পারে, জ্বালানি সরবরাহের পথ বদলাতে পারে এবং খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। সারের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কাও আছে। ইরানের সরকার দেশের ভেতরে নিজের নিয়ন্ত্রণ আরও শক্ত করবে।

৩. আবারও সবচেয়ে উষ্ণ বছর

১৮৮০ সালের পর ২০১৫ সাল সবচেয়ে উষ্ণ বছর ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি সংস্থা। নাসার ব্যাখ্যা চিত্রটি এএফপির সৌজন্যে পাওয়া।

২০২৭ সাল রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘সুপার এল নিনো’ উষ্ণ ও বেশি অস্থির ভবিষ্যতের একটি আভাস দিতে পারে। ফলে খরা, তাপপ্রবাহ, দাবানল ও চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে, যদি দ্রুত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো না হয়।

অজান্তেই ট্রাম্প নবায়নযোগ্য জ্বালানির পক্ষে বিশ্বের সবচেয়ে বড় প্রচারক হয়ে উঠেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা থেকে বাঁচারও ভালো উপায় হলো নবায়নযোগ্য জ্বালানি।

৪. কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে ক্ষোভ বাড়বে

শিক্ষকদের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শিক্ষা কার্যক্রম পরিচালনা

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি এখন বেশি করে খতিয়ে দেখা হচ্ছে। জটিল ও অস্বচ্ছ চুক্তির মাধ্যমে এআই কোম্পানিগুলো আরও ঋণ নিলে বাজারে বড় ধসের আশঙ্কাও বাড়বে। বাজারে যা-ই ঘটুক, আরও সক্ষম এআই মডেলের কারণে একের পর এক সাইবার হামলা হতে পারে।

এআই সরবরাহব্যবস্থায় রাজনৈতিক ঝুঁকি নিয়েও কোম্পানি ও সরকারগুলো চিন্তিত হবে। তবে এআইয়ের কারণে চাকরি হারানো কিংবা তথ্যকেন্দ্রে অতিরিক্ত বিদ্যুৎ ও পানি ব্যবহারের আশঙ্কার পক্ষে যথেষ্ট তথ্য–প্রমাণ নেই। অর্থাৎ মানুষের ক্ষোভের পেছনে বাস্তব প্রভাবের চেয়ে সম্ভাব্য প্রভাব নিয়ে ভয়ই বেশি কাজ করছে।

৫. ইউরোপের জনতুষ্টিবাদী ডানপন্থীরা

ফ্রান্সের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালির নেত্রী মেরিন লো পেন

বিশ্বের বিভিন্ন দেশে ডানপন্থী জনতুষ্টিবাদী রাজনীতির উত্থান অনেক দিন ধরেই চলছে। তবে ২০২৭ সালে সবার নজর থাকবে ফ্রান্সের দিকে। জনতুষ্টিবাদী ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালির নেতা মেরিন লো পেনের প্রেসিডেন্ট হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

মেরিন জিতলে ইউরোপীয় ইউনিয়নকে এগিয়ে নেওয়া ফ্রান্স ও জার্মানির সম্পর্কের সমীকরণে বড় বাধা তৈরি হতে পারে। ঋণে জর্জরিত ফ্রান্সের নাজুক সরকারি অর্থব্যবস্থা নিয়েও উদ্বেগ বাড়বে।

৬. বন্ডবাজারের চাপ

শুধু ফ্রান্স নয়, আরও অনেক দেশের বন্ডবাজার চাপে রয়েছে। সরকারের অতিরিক্ত ব্যয়, এআই-সংশ্লিষ্ট নির্মাণকাজের দ্রুত বিস্তার এবং জ্বালানির দাম বাড়ার কারণে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা—এসবের কারণে ধনী দেশগুলোর ঋণ নেওয়ার খরচ বাড়ছে।

সুদের হার বেশি থাকায় কোম্পানি ও পরিবারগুলোর ওপরও চাপ বাড়ছে। এ অবস্থা চিরকাল চলতে পারে না। কোনো না কোনো জায়গায় বড় সংকট তৈরি হতে পারে।

৭. তাইওয়ান নিয়ে সময়সীমা

তাইওয়ান ঘিরে প্রায়ই সামরিক মহড়া চালায় চীন

প্রযুক্তি যুদ্ধের ধরন বদলে দিয়েছে। ইউক্রেন ও ইরানে দেখা গেছে, ছোট শক্তিও এখন বড় শক্তির আক্রমণ ঠেকাতে পারে। তাইওয়ানকে দখল করার চীনের পরিকল্পনায় এর কী প্রভাব পড়বে?

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য দেশটির সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন বলে জানা যায়। যুক্তরাষ্ট্র এখন নানা বিষয়ে ব্যস্ত। চীন কি পদক্ষেপ নেবে, নাকি ২০২৮ সালে তাইওয়ানের নির্বাচনের ফল দেখার জন্য অপেক্ষা করবে? আগামী দুই বছর ঝুঁকিপূর্ণ হতে পারে।

৮. ওজেমপিকের প্রভাব

ওজন কমানোর ওষুধ

ওজন কমানোর ওষুধ মানুষকে রোগা হতে সাহায্য করছে। একই সঙ্গে এসব ওষুধ ভোক্তাদের আচরণও বদলে দিচ্ছে। ওজন কমিয়ে নতুনভাবে জীবন শুরু করা অনেক মানুষ জামাকাপড়, প্রসাধনী ও শরীরচর্চায় বেশি খরচ করছেন। একে বলা হচ্ছে ‘প্রতিশোধের কেনাকাটা’।

এসব ওষুধের সাফল্যে ওষুধ কোম্পানিগুলো মানুষের আয়ু বাড়ানোর চিকিৎসা নিয়েও নতুন করে আগ্রহী হয়েছে।

৯. কম খরচে মহাকাশে যাত্রা

স্পেসএক্স ও টেসলার একীভূত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন ইলন মাস্ক

স্পেসএক্সের বিশাল স্টারশিপ নিয়মিতভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করবে। চীনের রকেট নির্মাতা কোম্পানিগুলোও রকেটের বুস্টার আবার ব্যবহার করার সক্ষমতা দেখাবে।

মহাকাশে যাওয়ার খরচ কমলে বেসরকারি মহাকাশ স্টেশন তৈরি করা সহজ হবে। এমনকি কক্ষপথে তথ্যকেন্দ্র নির্মাণও সম্ভব হতে পারে। বিষয়টি যতটা অদ্ভুত মনে হয়, হয়তো ততটা অবাস্তব নয়।

১০. হলিউডের নতুন শুরু

‘স্টার ওয়ার্স: এপিসোড এইট’

‘স্টার ওয়ার্স’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ছবিটি আবার মুক্তি পাবে। এই সিরিজের নতুন একটি ছবিও তৈরি হচ্ছে। ‘অ্যাভেঞ্জার্স’ আবার ফিরছে, আর নতুন জেমস বন্ডও আসছে।

তবে ইউটিউবারদের তৈরি কম বাজেটের ছবিগুলো সফল হওয়ায় প্রশ্ন উঠছে, দর্শকেরা কি একই ধরনের পুরোনো ফ্র্যাঞ্চাইজির বদলে নতুন কিছু চান? সম্ভবত চান।
ছোট ও কম খরচের যানবাহনের কাছে শক্তিশালী সামরিক বাহিনীর পরাজয়, নিজের ইচ্ছায় চলা রোবট এবং দুর্বল নিরাপত্তার কারণে তথ্য চুরির পরিণতি—‘স্টার ওয়ার্স’-এ এসব বিষয় দেখানো হয়েছে। তাই ২০২৭ সালে ছবিটি আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হতে পারে।

Read full story at source