পাঁচ মাস সব থমকে আছে, সচল করুন

· Prothom Alo

বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়, নাগরিক জীবনের অপরিহার্য সেবা। অথচ ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত ৪৩টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ পাঁচ মাস ধরে বিদ্যুৎহীন। সন্ধ্যা নামলেই গ্রামগুলো ডুবে যায় অন্ধকারে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জীবিকা। একটি সাবমেরিন কেব্‌ল ছিঁড়ে যাওয়ার পর এত দীর্ঘ সময়েও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি। এটি শুধু কারিগরি সমস্যা নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা ও দায়িত্বশীলতারও প্রশ্ন।

গত ৮ জুন পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল ছিঁড়ে যাওয়ায় দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নের ৪৩টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, টেলিভিশনসহ বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হচ্ছে। গরুর খামার চালাতে না পেরে কেউ কেউ গরু বিক্রি করে দিচ্ছেন। সোলার–ব্যবস্থা থাকলেও তা দিয়ে প্রয়োজনীয় সব কাজ চালানো সম্ভব হচ্ছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সোলার ব্যবস্থাও নেই।

Visit asg-reflektory.pl for more information.

উদ্বেগের বিষয়, এটি প্রথম ঘটনা নয়। ২০২২ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর এ পর্যন্ত চারবার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কোনোবার ৮ মাস, কোনোবার ১৩ মাস বিদ্যুৎহীন থাকতে হয়েছে মানুষকে। বারবার একই বিপর্যয় ঘটলেও স্থায়ী সমাধানের উদ্যোগ কেন নেওয়া হয়নি, সেই প্রশ্নের জবাব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, অন্যান্য এলাকায় উন্নত তিন ফেজের কেব্‌ল ব্যবহার করা হলেও এখানে দেওয়া হয়েছে এক ফেজের নিম্নমানের কেব্‌ল। অভিযোগটি খতিয়ে দেখা জরুরি।

বিদ্যুৎ বিভাগের বক্তব্য, পদ্মার প্রবল স্রোত ও নদীর তলদেশে পলি জমার কারণে কেব্‌ল মেরামত করা সম্ভব হয়নি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড নতুন চার কিলোমিটার কেব্‌ল বরাদ্দ দিয়েছে। ডিসেম্বরের মধ্যে সংযোগ চালুর আশ্বাস দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। কিন্তু অতীতের অভিজ্ঞতায় শুধু আশ্বাসে মানুষের আস্থা ফেরার কথা নয়।

এই অবস্থায় নতুন কেব্‌ল স্থাপনের পাশাপাশি বারবার বিপর্যয়ের কারণ অনুসন্ধান জরুরি হয়ে পড়েছে। নদীর স্রোত ও ভৌগোলিক প্রতিকূলতা বিবেচনায় নিয়ে টেকসই প্রযুক্তি এবং বিকল্প সংযোগের ব্যবস্থা করাও দরকার। দুর্গম এলাকার মানুষের জন্য বিদ্যুৎ পৌঁছে দেওয়াই যথেষ্ট নয়, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। সরকারের নীতিনির্ধারকদের উপলব্ধি করা দরকার, পদ্মার চরের মানুষ আর প্রতিশ্রুতি নয়, দ্রুত কার্যকর সমাধান চান।

Read full story at source