গাজীপুরে শ্রমিক অসন্তোষ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

· Prothom Alo

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওই কারখানা ও আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

Visit zeppelin.cool for more information.

এদিকে গাজীপুরে সকালে ২৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে ও ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, আজ সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। তাঁদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন। শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তাঁরা লাঠিসোঁটা হাতে নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকদের কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়

এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

অপর দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুরের নাওজোরে শ্রমিক আন্দোলন চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে

দুই স্থানে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ছাড়া গাজীপুরে সকালে ২৩টি কারখানায় ছুটি ও ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Read full story at source