‘মায়ের সাহস ও সংগ্রামই আমাকে এত দূর নিয়ে এসেছে’

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন হলো ‘অদ্বিতীয়ার গল্প’। এ আয়োজনে আইডিএলসি-প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ শিক্ষাবৃত্তি পাওয়া একজনকে আমন্ত্রণ জানানো হয়। অনলাইন এই আয়োজনে ২৯ জুলাই  বিকেল ৫টায় আমন্ত্রণ জানানো হয়েছিল ২০২৩ সালে এই বৃত্তি পাওয়া লিজা আখতারকে। পরিবারের প্রথম কন্যা সন্তান হিসেবে আর্থিক ও সামাজিক নানা প্রতিকূলতা পেরিয়ে উচ্চশিক্ষার পথে পা বাড়ানো লিজার জীবনসংগ্রাম, স্বপ্ন ও সাফল্যের গল্প নিয়ে এই সাক্ষাৎকার। আয়োজনটি একযোগে সম্প্রচারিত হয় প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে। সভাটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা। প্রশ্ন উত্তর আলোকে অনুষ্ঠানের চুম্বক অংশ নিয়ে লিখেছেন মো. নাজিম উদ্দিন।

Visit playerbros.org for more information.

লিজা, কেমন আছেন? ক্লাস, ক্লাব অ্যাকটিভিটিস ও অ্যাসাইনমেন্টের ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুরুতেই আপনার শৈশব ও বেড়ে ওঠার গল্প শুনতে চাই। ছোটবেলাটা কেমন কেটেছে এবং কী হওয়ার স্বপ্ন দেখতেন?

লিজা আখতার: ধন্যবাদ আপনাকেও। আমার শৈশব কেটেছে ঢাকা জেলার দোহার থানায়। ছোটবেলায় আলাদা করে আমার নিজের কোনো বড় স্বপ্ন ছিল না। কিন্তু আমার বাবা সব সময় সবাইকে বলতেন, ‘আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে।’ বাবার সেই কথা শুনতে শুনতে একসময় বাবার স্বপ্নটাই আমার নিজের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। আমিও স্বপ্ন দেখতে শুরু করি যে ডাক্তার হব। সেভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই আমার বাবা মারা যান। বাবার মৃত্যু আমাদের পরিবারের জন্য ছিল এক বিশাল ধাক্কা। এরপর আমাদের সংসারে চরম আর্থিক সংকট দেখা দেয়। গ্রামে একটি মেয়ের পাশে যখন তার বাবা থাকেন না, তখন উচ্চশিক্ষার পথটা ভীষণ কঠিন হয়ে যায়। গ্রামীণ পরিবেশে উচ্চশিক্ষার তেমন সুযোগও ছিল না, আর পরিবারগুলোও মেয়েকে দূরে পাঠিয়ে পড়াশোনার খরচ বহন করার সাহস পেত না। এসব বাস্তবতার কারণেই আমার আর ডাক্তারি পড়া হয়ে ওঠেনি।

উচ্চমাধ্যমিকের আগেই বাবার চলে যাওয়া নিঃসন্দেহে আপনার জীবনের সবচেয়ে বড় ঝড় ছিল। সেই কঠিন পরিস্থিতি সামলে দোহার থেকে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) ভর্তি হওয়ার সুযোগ পেলেন কীভাবে?

লিজা আখতার: সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পাওয়ার পর আমি বেশ ভেঙে পড়েছিলাম। তখন আমার ডাচ-বাংলা ব্যাংকের একটি শিক্ষাবৃত্তি ছিল, কিন্তু কোনো কারণে ভর্তি ফরম পূরণ করতে না পারায় সেই বৃত্তিটিও হাতছাড়া হয়ে যায়। বিষয়টি নিয়ে আমার মা খুব চিন্তিত হয়ে পড়েন এবং সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ করেন। তখন সেখান থেকে আমার মাকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। মা গ্রামীণ ব্যাংকে গিয়ে সেখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলেন। তাঁর মাধ্যমেই আমার মা প্রথম জানতে পারেন যে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে মেয়েদের উচ্চশিক্ষার দারুণ সুযোগ রয়েছে এবং বৃত্তি পেলে সেখানে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা করা যায়। আমার মা গ্রামীণ ব্যাংকের ওই ম্যানেজার আংকেলের সহায়তায় আমাকে অনলাইনে আবেদন করতে বলেন। আবেদন করার পর আমি ভর্তি পরীক্ষায় অংশ নিই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ই-মেইলে সাক্ষাৎকারের জন্য ডাক পাই। সাক্ষাৎকার দেওয়ার পর জানতে পারি যে আমি পূর্ণ বৃত্তি পেয়েছি।

দোহার থেকে এত দূরে চট্টগ্রামে আপনাকে পড়তে পাঠানোর সাহস আপনার মা কীভাবে দেখালেন?

লিজা আখতার: আমার জীবনের প্রতিটি বড় সিদ্ধান্তের পেছনেই রয়েছেন আমার মা। মেডিকেলে সুযোগ না পাওয়ার পর আমার একটি বছর নষ্ট হয়েছিল। তখন আত্মীয়স্বজন ও আশপাশের মানুষজন মাকে খুব চাপ দিতেন যেন আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। কারণ, বাবার মৃত্যুর পর আমাদের পরিবারের হাল ধরার মতো কেউ ছিল না। আমার বড় ভাই তখন মাত্র আমার চেয়ে এক বছরের বড় এবং সে-ও পড়াশোনা করছিল। আমার মা গৃহিণী হওয়ায় আমার পড়াশোনার খরচ বহন করার মতো সামর্থ্য আমাদের ছিল না। আত্মীয়স্বজনদের ধারণা ছিল, যেহেতু কেউ আমার দায়িত্ব নেবে না, তাই বিয়ে দিয়ে দেওয়াই ভালো।

কিন্তু আমার মা তাঁদের কথায় কান দেননি। বাবার স্বপ্ন ছিল মেয়েকে উচ্চশিক্ষিত করবেন—সেই কথা মনে রেখে মা সবার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তা ছাড়া আমাদের এলাকায় তখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সম্পর্কে কেউ জানত না, এমনকি ঢাকায় থাকা আমার বন্ধুরাও এই বিশ্ববিদ্যালয়ের নাম শোনেনি। ইন্টারনেটের সহজলভ্যতা বা তথ্য খোঁজার ধারণা না থাকায় অনেকেই এই বিশ্ববিদ্যালয়কে ভুয়া বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। আমি নিজেও এর আগে কখনো ঢাকা শহরে যাইনি। তবু মা সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে আমাকে বলেছিলেন, ‘তুমি যেহেতু নিজের যোগ্যতায় পূর্ণ বৃত্তি পেয়েছ, কারও ওপর আর্থিক বোঝা হতে হচ্ছে না, তাই তোমার অবশ্যই যাওয়া উচিত।’ মায়ের সেই সাহস আর বিশ্বাসই আমাকে চট্টগ্রামে নিয়ে এসেছে। অবশ্য গ্রামের মানুষের কৌতূহল এখনো থামেনি; আমি অর্থনীতি নিয়ে পড়ছি শুনে এখনো অনেকে মাকে প্রশ্ন করেন, এত দূরে মেয়েকে পাঠিয়ে কী লাভ হবে।

আপনার মাকে আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সালাম জানাই। গ্রামের মানুষের সেই প্রশ্নের সূত্র ধরেই জানতে চাই—অর্থনীতি নিয়ে পড়াশোনা করে আপনি ভবিষ্যতে কী করতে চান? আমরা জেনেছি আপনি ‘হেলথ ইকোনমিকস’ বা স্বাস্থ্য অর্থনীতি নিয়ে গবেষণা করতে চান।

লিজা আখতার: স্বাস্থ্য অর্থনীতি বেছে নেওয়ার পেছনে আমার নিজের জীবনের একটি অভিজ্ঞতা কাজ করেছে। উচ্চমাধ্যমিকে পড়ার সময় আমার পিসিওএস (পলিসিস্টিক ওভারি সিনড্রোম) ধরা পড়ে। তখন গ্রামের চিকিৎসকদের মধ্যে এই রোগ সম্পর্কে তেমন স্পষ্ট ধারণা ছিল না। ফলে আমি নিজেই ইন্টারনেট ও গুগল থেকে বিভিন্ন গবেষণাপত্র ও নিবন্ধ পড়ে এর কারণ ও প্রতিকার জানার চেষ্টা করি। ওষুধ ছাড়া কেবল জীবনযাত্রার মান (লাইফস্টাইল) পরিবর্তন করে কীভাবে সুস্থ থাকা যায়, তা আমি নিজে চর্চা করে শিখেছি।

আমাদের দেশে এখনো অসংখ্য মেয়ে পিসিওএস বা প্রজননস্বাস্থ্য সমস্যায় ভুগলেও সঠিক তথ্যের অভাবে ভুল চিকিৎসা নেন বা কোন চিকিৎসকের কাছে যাবেন তা জানেন না। এই উপলব্ধি থেকেই স্বাস্থ্য অর্থনীতি নিয়ে গবেষণার আগ্রহ তৈরি হয়। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের অংশ হিসেবে আমি মাসিককালীন স্বাস্থ্য (মেনস্ট্রুয়াল হেলথ) নিয়ে একটি গবেষণা সম্পন্ন করেছি। ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত সেই গবেষণায় বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহকৃত স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার ও কার্যকারিতা তুলে ধরা হয়েছে। এই কাজটি আমাকে ভীষণ আত্মবিশ্বাস জুগিয়েছে যে আমি ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্য অর্থনীতি নিয়ে গবেষণা করতে পারব।

২০২৩ সালে কোভিড-পরবর্তী সময়ে যখন আপনি প্রথম এইউডব্লিউ ক্যাম্পাসে এলেন, তখন তো প্রায় ১৪-১৫টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে থাকা, ক্লাস করা এবং বিদেশি শিক্ষকদের ইংরেজি লেকচার বোঝার একটা নতুন অভিজ্ঞতা হলো। বাংলা মাধ্যম থেকে এসে সেই ভিন্ন পরিবেশ ও ভাষার বাধা কীভাবে জয় করলেন?

লিজা আখতার: শুরুতে পরিবেশটা বেশ অচেনা ও এলোমেলো লাগত। সব তথ্য ই-মেইলে জানানো হতো, কার কাছে গিয়ে মনের প্রশ্ন বা সমস্যার কথা বলব, তা বুঝতে পারতাম না। প্রাক-স্নাতক (প্রি-ইউজিতে) কার্যক্রমের শুরুতে মনে হতো, এগুলো তো মাধ্যমিকেই পড়ে এসেছি। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিদেশি শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে ইংরেজিতে যোগাযোগ করা।

প্রথমে কিছুটা জড়তা কাজ করত, মনে হতো ভুল বলব কি না। কিন্তু আমি নিজেকে বোঝালাম, কথা না বললে আমি কখনোই বুঝতে পারব না আমার আত্মবিশ্বাস কতটুকু তৈরি হয়েছে। তাই ভুল হোক বা শুদ্ধ, আমি শিক্ষকদের সঙ্গে ও সহপাঠীদের সঙ্গে নিয়মিত কথা বলার চেষ্টা চালিয়ে গেলাম। এভাবে প্রতিদিন চর্চা করতে করতে একসময় জড়তা কেটে গেল এবং নিজের প্রতি আস্থা তৈরি হলো যে আমিও পারব।

২০২৩ সালের সেই লিজা এবং আজকের ২০২৬ সালের লিজার মধ্যে আপনি কতটা পরিবর্তন দেখেন? আত্মবিশ্বাস, উপস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনার নিরিখে নিজেকে ১০-এর মধ্যে কত নম্বর দেবেন?

লিজা আখতার: ২০২৩ সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে আসি, তখনকার লিজাকে আমি ১০-এর মধ্যে ৫ দেব। আর আজকের লিজাকে আমি ৯ দেব। আগে স্কুলে ভালো ছাত্রী হিসেবে ছোট একটি গণ্ডির মধ্যে নেতৃত্ব দেওয়ার আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন প্রায় ১৫টি দেশের শিক্ষার্থীদের সামনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা, আন্তর্জাতিক বিষয়ে মতামত তুলে ধরা এবং ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মেশার ফলে আমার আত্মবিশ্বাসের ধরনটাই বদলে গেছে। তবে ১ নম্বর কম রাখলাম, কারণ গ্রাম থেকে উঠে আসার কারণে এখনো কিছু জায়গায় আমার সামান্য জড়তা রয়ে গেছে, যা আমি প্রতিনিয়ত কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয়ের কঠোর একাডেমিক রুটিন, টার্ম পেপার, পরীক্ষা এবং এর পাশাপাশি নানা ক্লাব অ্যাকটিভিটিস—সবকিছু সামলানোর জন্য আপনি কীভাবে সময় ব্যবস্থাপনা করেন? সহশিক্ষা কার্যক্রম বা ক্লাব অ্যাকটিভিটিস একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য কতটা প্রস্তুত করে বলে আপনি মনে করেন?

লিজা আখতার: আমার মতে, সময় ব্যবস্থাপনার মূল মন্ত্র হলো ‘প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করা’। পড়া বা অ্যাসাইনমেন্ট জমিয়ে না রাখলে পরীক্ষার আগে কোনো বাড়তি চাপ তৈরি হয় না। যাঁরা ডেডলাইনের ঠিক আগের দিন কাজ শুরু করেন, তাঁদের বিষয়টি বুঝতেই পুরো দিন চলে যায়। কিন্তু শুরু থেকেই একটু একটু করে এগিয়ে রাখলে কাজটি নিখুঁতভাবে শেষ করা যায়।

আর ক্লাব অ্যাক্টিভিটিসের গুরুত্ব অপরিসীম। শ্রেণিকক্ষে আমরা হয়তো এক্সেল বা হিসাব-নিকাশের তাত্ত্বিক দিকগুলো শিখি, কিন্তু ক্লাবে যুক্ত হয়ে কাজ করলে সেগুলোর বাস্তব প্রয়োগ শেখা যায়। এতে দলগত কাজ, যোগাযোগের দক্ষতা এবং কম সময়ে দ্রুত কাজ করার অভ্যাস তৈরি হয়। ভবিষ্যতে চাকরির সাক্ষাৎকারে যখন নিয়োগকর্তারা ব্যবহারিক দক্ষতা যাচাই করেন, তখন এই ক্লাব অভিজ্ঞতাই অন্যদের চেয়ে এগিয়ে রাখে।

নতুন ‘অদ্বিতীয়া’ যাঁরা এ বছর এইউডব্লিউতে ভর্তি হচ্ছেন, তাঁরাও হয়তো আপনার মতোই নতুন পরিবেশে এসে কিছুটা ঘাবড়ে যাবেন। তাঁদের উদ্দেশে আপনার পরামর্শ কী থাকবে?

লিজা আখতার: নতুনদের প্রতি আমার প্রথম পরামর্শ হলো—সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে হবে। দ্বিতীয়ত, কখনোই যোগাযোগ থেকে নিজেকে গুটিয়ে রাখা যাবে না। ক্লাসে কোনো কিছু বুঝতে না পারলে লজ্জা বা সংকোচ না করে সরাসরি শিক্ষকদের জিজ্ঞাসা করতে হবে। আমাদের শিক্ষকেরা অত্যন্ত আন্তরিক, তাঁরা সাধ্যমতো বুঝিয়ে দেন। ক্লাসের পড়া ক্লাসেই বুঝে নিলে পড়াশোনা অনেক সহজ হয়ে যায় এবং কোনো মানসিক চাপ তৈরি হয় না।

সবশেষে আপনার পরিবার, বিশেষ করে আপনার মায়ের উদ্দেশে যদি কিছু বলতে চান।

লিজা আখতার: আমি আজ যে অবস্থানে এসেছি, তার পুরো কৃতিত্ব আমার মায়ের। আমার জীবনের প্রতিটি মোড়ে মায়ের সিদ্ধান্তই আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এখনো যখন কোনো বিষয়ে মানসিক চাপে থাকি, সবার আগে মায়ের সঙ্গেই কথা বলি। মায়ের সান্ত্বনা আর সাহস জোগানো কথাগুলো শুনলেই আমার অর্ধেক দুশ্চিন্তা দূর হয়ে যায়। আমি চাই, আমার স্বপ্ন পূরণের মাধ্যমে আমি যেন মায়ের এই আজীবনের সংগ্রামের যোগ্য সম্মান দিতে পারি।

লিজা, আপনার এই অদম্য যাত্রা আরও বহুদূর এগিয়ে যাক। আপনার এবং আপনার মায়ের এই সংগ্রামের বিজয় হোক—প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে সেই শুভকামনা রইল।

লিজা আখতার: প্রথম আলো ট্রাস্টকেও অসংখ্য ধন্যবাদ।

Read full story at source