পাইলটের লাইসেন্স ছাড়াই চালানো যাবে এই বিমান
· Prothom Alo

বিমান চালাতে হলে পাইলটের লাইসেন্স লাগে। দীর্ঘ প্রশিক্ষণ নিতে হয়, পাড়ি দিতে হয় নানা ধাপ। তবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এমন এক বিমান তৈরি করছে, যেটি চালাতে পাইলটের লাইসেন্সের প্রয়োজন হবে না। এক আসনের এই বৈদ্যুতিক বিমানের নাম হেলিক্স। এটি চালাতে হলে অবশ্য কিছুদিনের প্রশিক্ষণ নিতে হবে।
হেলিক্স তৈরি করছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান পিভোটাল। বিমানটির সবচেয়ে মজার দিক হলো, এটি আকাশে ওড়ে অনেকটা হেলিকপ্টারের মতো, আবার উড়তে শুরু করলে হয়ে যায় সাধারণ বিমানের মতো। উড্ডয়ন ও অবতরণের সময় পুরো বিমানটিই কাত হয়ে যায়।
Visit fish-roadgame.com for more information.
যেভাবে আকাশে ওড়ে
হেলিক্সের দুটি ডানায় বসানো আছে ১৬টি বৈদ্যুতিক মোটরচালিত প্রপেলার। উড্ডয়নের সময় প্রপেলারগুলো বিমানটিকে খাড়া অবস্থায় আকাশে তুলে দেয়। এরপর ধীরে ধীরে সামনের দিকে কাত হয়ে যায় এটি। একপর্যায়ে ডানার সাহায্যে বাতাসে ভেসে সাধারণ বিমানের মতো উড়তে থাকে।
এই প্রযুক্তির নাম ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটিওএল)। অর্থাৎ উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ। হেলিক্সের জন্য দীর্ঘ রানওয়ের প্রয়োজন হয় না। হেলিকপ্টারের মতো প্রায় একই জায়গা থেকে উড়তে ও নামতে পারে।
বিমানটি চালাতে ব্যবহার করতে হয় একটি জয়স্টিক। সেটি নাড়ালেই চালকের নির্দেশ পৌঁছে যায় বিমানের নিয়ন্ত্রণব্যবস্থায়। পিভোটালের কর্মকর্তাদের একজন ক্রিস্টিনা মেনটনের মতে, হেলিক্স চালানোর অনুভূতি অনেকটা পানিতে বাধাহীনভাবে স্নোবোর্ড চালানো বা নাচের মতো।
টাকা জমানোর উপায় কীএকবার চার্জে কত দূর?
হেলিক্স ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ১০৬ কিলোমিটার গতিতে উড়তে পারে। একবার পুরো চার্জ দিলে পাড়ি দিতে পারে প্রায় ৩২ কিলোমিটার। এর ব্যাটারি চার্জ করতেও বিশেষ কোনো ব্যবস্থা লাগে না। বাড়ির সাধারণ বৈদ্যুতিক সংযোগেই চার্জ দেওয়া যায়। ২৪০ ভোল্টের সংযোগে সময় লাগে প্রায় ৭৫ মিনিট। আর ১২০ ভোল্টের সংযোগে সাড়ে চার ঘণ্টা।
হেলিকপ্টারের তুলনায় হেলিক্সের শব্দও অনেক কম। মাটি থেকে প্রায় ৪৬ মিটার ওপরে উড়লে এর শব্দের মাত্রা থাকে প্রায় ৭০ ডেসিবেল।
বিমানটির দাম অবশ্য বেশ চড়া। দাম শুরু ১ লাখ ৯০ হাজার ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা। চালকের উচ্চতা ও ওজনেরও নির্দিষ্ট সীমা রয়েছে। সর্বোচ্চ ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি হতে পারবে।
লাইসেন্স লাগবে না, প্রশিক্ষণ লাগবে
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়মে হেলিক্সকে অতি হালকা বিমানের একটি বিশেষ শ্রেণিতে রাখা হয়েছে। এই শ্রেণির বিমান নির্দিষ্ট শর্তে পাইলটের লাইসেন্স ছাড়াই চালানো যায়। তবে ইচ্ছেমতো যেকোনো জায়গায় ওড়ানো যাবে না। ব্যস্ত আকাশপথ, জনবহুল শহর কিংবা রাতে হেলিক্স চালানোর অনুমতি নেই।
প্রশিক্ষণের ব্যবস্থাও বেশ মজার। প্রথমে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটরে ওড়ার অনুশীলন করতে হয়। এরপর বাতাসের মধ্যে বিমান সামলানো ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়। সব মিলিয়ে আটটি অনুশীলনী উড্ডয়ন শেষ করতে হয়। শেষে দিতে হয় একটি পরীক্ষামূলক উড়ান। সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যেই এই প্রশিক্ষণ শেষ করা সম্ভব। তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে আরও প্রশিক্ষণ নিতে হবে।
এআই–নির্ভর পৃথিবীতে শিশুদের কোন দক্ষতাগুলো শেখানো উচিতঅ্যাম্বুলেন্সের আগেই পৌঁছাবে?
ব্যক্তিগতভাবে আকাশে ওড়ার আনন্দ দেওয়াই হেলিক্সের মূল উদ্দেশ্য। তবে জরুরি সেবাতেও কাজে লাগতে পারে এটি। বিশেষ করে দুর্গম এলাকায় দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে ছোট এই বিমান সুবিধা দিতে পারে।
যুক্তরাষ্ট্রের হাইড কাউন্টির জরুরি চিকিৎসাসেবা দল ইতিমধ্যে পিভোটালের বৈদ্যুতিক বিমান ব্যবহার করে দুটি জরুরি অভিযানে অংশ নিয়েছে। দলটির একজন প্যারামেডিক বিমান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পিভোটালের কর্মকর্তা ক্রিস্টিনা মেনটন জানান, বিমানে চড়ে চিকিৎসাকর্মীরা অ্যাম্বুলেন্সের আগেই ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছিলেন।
তবে হেলিক্সের কিছু সীমাবদ্ধতাও আছে। এতে একজনের বেশি চড়ার সুযোগ নেই। মালপত্র বহনের জায়গাও সীমিত। একবার চার্জে মাত্র ৩২ কিলোমিটার উড়তে পারে। তাই ব্যক্তিগত বাহন হিসেবে এর ব্যবহার কতটা বাড়বে, তা নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন রয়েছে।
এখনো হেলিক্সের চূড়ান্ত পরীক্ষা চলছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০২৭ সালে প্রথম গ্রাহকদের হাতে বিমানটি পৌঁছে দেবে পিভোটাল। তখন হয়তো আকাশে ওড়ার জন্য আর বড় বিমানের পাইলট হওয়ার স্বপ্ন দেখতে হবে না। কয়েক দিনের প্রশিক্ষণ নিয়েই নিজের ছোট্ট বিমানের নিয়ন্ত্রণ নেওয়া যাবে।
সূত্র: সিএনএন
পুরোপুরি বরফে জমে গিয়েও যে ছয় সামুদ্রিক প্রাণী বেঁচে থাকে