সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ও ১৪ মে

· Prothom Alo

আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার দুপুরে সমিতি মিলনায়তনে এক বিশেষ সাধারণ সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।

Visit sportnewz.click for more information.

গত ১৮ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুসারে ১১ ও ১২ মার্চ সমিতির এবারের নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে’ আজ বিশেষ সাধারণ সভা ডাকে সমিতি।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে এ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। ১১ ও ১২ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। এর পক্ষে কেউ মত দিচ্ছেন কি না, তা তিনি জানতে চান। তখন সভায় উপস্থিত আইনজীবীদের চুপ থাকতে দেখা যায়।

এরপর সমিতির সভাপতি বলেন, ‘তাহলে হাউস থেকে এর পক্ষে (১১ ও ১২ মার্চ নির্বাচন) কেউ মত দিচ্ছেন না। ১৩ ও ১৪ মে কারা নির্বাচন চাচ্ছেন, হাত তোলেন।’ এ সময় উপস্থিত অনেক আইনজীবীকে হাত তুলতে দেখা যায়। তখন মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এতে প্রতীয়মান হলো আগামী ১৩ ও ১৪ মে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব হাউস অনুমোদন দিয়েছে।’

সভার সঞ্চালনায় ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন। শুরুতে তিনি বলেন, সমিতির বিধান অনুসারে ৩১ মার্চ পর্যন্ত কমিটির মেয়াদের বাধ্যবাধকতা থাকে। তবে অনেকে নির্বাচনের তারিখ পেছানোর জন্য লিখিত আবেদন দিয়েছেন। রোজার মধ্যে নির্বাচন না করলে ভালো হয় বলে কেউ কেউ মত দিয়েছেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ মামুন মাহবুব, মোহাম্মদ হোসেন, সাইফুর রহমান ও রফিকুল হক তালুকদার।

এক বছর মেয়াদের এই সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে। পদগুলো হলো একজন সভাপতি, দুজন সহসভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক ও সাতজন সদস্য।

সর্বশেষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) নির্বাচনে ২০২৪ সালের মার্চে ভোট গ্রহণ হয়। ওই নির্বাচনে ১৪ পদের মধ্যে সভাপতি ও সদস্যের তিনটি পদসহ চারটিতে বিএনপিপন্থী আইনজীবীরা জয়ী হন। সহসভাপতির দুটি পদ, সম্পাদক, কোষাধ্যক্ষ ও সহসম্পাদকের দুটি পদ এবং সদস্যের চারটিসহ ১০টি পদে জয় পান আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। তবে ভোট গ্রহণের পর জাল ভোট ও কারচুপির অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সম্পাদক প্রার্থী হওয়া জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস।

পরে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যনির্বাহী কমিটি হিসেবে সব কার্যক্রম পরিচালনার জন্য ১৪ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। ২০২৪ সালের ১৮ আগস্ট সমিতি মিলনায়তনে এক তলবি সাধারণ সভায় ওই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, এই কমিটিতে এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি ও মো. রুহুল কুদ্দুসকে সম্পাদক করা হয়। এই কমিটি অবশিষ্ট মেয়াদ, অর্থাৎ ২০২৫ সালের মার্চ পর্যন্ত সমিতির কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়। তবে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস অন্তর্বর্তী কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করতে অসম্মতি জানান। এরপর অন্তর্বর্তী কমিটির সহসম্পাদক মো. মাহফুজুর রহমান মিলনকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

Read full story at source