রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত, আহত ২

· Prothom Alo

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাজ থেকে গম নামানোর (আনলোড) সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় অবস্থিত ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিকস নামের একটি কোম্পানিতে মালামাল লোড-আনলোডের সময় এ ঘটনা ঘটে।

Visit asg-reflektory.pl for more information.

নিহত দুই শ্রমিক হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার রতন মিয়ার ছেলে মো. আলামিন (৩২) এবং একই উপজেলার নাদো সৈয়দপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৬)। এ ঘটনায় আহত দুই শ্রমিক হলেন মিশু (৩১) ও শাহজাহান (৩২)। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিকস কোম্পানির শ্রমিকেরা জাহাজ থেকে গম আনলোড করছিলেন। এ সময় আনলোডের কাজে ব্যবহৃত ক্রেনের তার ছিঁড়ে যায়। ক্রেনের ভারী গ্র্যাব নিচে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন আরও তিন শ্রমিক।

আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলামিন নামের আরেক শ্রমিক মারা যান। আহত অন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই সাদেকুর রহমান। রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

Read full story at source