চার সন্তানের স্বপ্ন সেলেনার, তবে...

· Prothom Alo

২০২৫ সালে তারকাখচিত এক জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন হলিউড তারকা সেলেনা গোমেজ ও জনপ্রিয় গায়ক–সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কো। ভক্তরা এটিকে ‘ড্রিম কাপল’ বলেই মনে করেন। সম্প্রতি এক পডকাস্টে দাম্পত্য সম্পর্ক নিয়ে কথা বলেছেন সেলেনা। সেখানেই জানিয়েছেন বড় পরিবার গড়ার স্বপ্ন দেখেন তিনি। তাঁর ইচ্ছা—চার সন্তানের মা হওয়া।

Visit lej.life for more information.

‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ পডকাস্টে স্বামী বেনি ব্লাঙ্কোর সঙ্গে সেলেনা

সম্প্রতি বেনি ব্লাঙ্কো ও তাঁর বন্ধু লিল ডিকি উপস্থাপনায় ‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ পডকাস্টে পরিবার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন সেলেনা। সেখানে আলোচনায় উঠে আসে সন্তানের সংখ্যা নিয়ে নানা মত। এ সময় সেলেনা তাঁর সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেন।


এদিন লিল ডিকি জানান, তিনি ও তাঁর স্ত্রী ক্রিস্টিনের মধ্যে সন্তানের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে—তিনি চান সর্বোচ্চ দুই, আর ক্রিস্টিন চান তিন। এ কথা শোনে সেলেনা জানান, তাঁর ইচ্ছা আরও বড়। সেলেনা বলেন, ‘আমি চারজন চাই।’
সেলেনা জানান, ২০০৫ সালের সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টোন’-এ ডায়ান কিটন অভিনীত একটি পারিবারিক খাবারের দৃশ্য দেখে তাঁর এমন ইচ্ছা জন্মায়। তাঁর কথায়, ‘একদিন আমারও বয়স হবে, তখন ডিনার টেবিলে আমিও এমন দৃশ্য দেখতে চাই।’ বলেন সেলেনা। ছবিটি তাঁর কাছে ছিল মিষ্টি, আবেগঘন এবং কিছুটা বেদনাদায়কও। সেই দৃশ্য তাঁকে নিজের নানার কথাও মনে করিয়ে দেয়।

বিয়ে করলেন সেলেনা গোমেজ, অনুষ্ঠানে তারার মেলা

তবে স্বপ্ন যে সব সময় বাস্তব হয় না, সেটিও মানছেন তিনি। সেলেনার ভাষায়, ‘যা হওয়ার হবে। যদি আমাদের একজন সন্তান হয়, বা কেউ না–ও হয়, সেসবের অনেক কিছুই আমাদের হাতে নেই। কিন্তু সেই ডিনার টেবিলের দৃশ্যটি আমার স্বপ্ন—সবাই একসঙ্গে, সঙ্গী, সন্তান, একটি সুন্দর পরিবার।’


মজা করে তিনি আরও বলেন, ‘সন্তানেরা বড় হওয়ার আগপর্যন্ত সময়টা হয়তো হবে “পুরো পাগলাটে অবস্থা”’।

‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ পডকাস্টে সেলেনা

এর আগে বেনি ব্লাঙ্কোও একাধিকবার বাবা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মামা হতে পেরে আনন্দ পান, তবে একদিন নিজেও বাবা হতে চান।


উল্লেখ্য, সেলেনা ও বেনি ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিয়ে করেন। তাঁদের বিয়েতে অতিথি ছিলেন সেলেনার দীর্ঘদিনের বন্ধু টেইলর সুইফট, অভিনেতা পল রাড, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ–অভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। উপস্থিত ছিলেন প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক ও উইজার্ডস অব ওয়েভারলি প্লেসের সহশিল্পী ডেভিড হেনরি।


পিপল ডটকম অবলম্বনে

Read full story at source