চাকরির প্রবেশন সময়ে কী কী চ্যালেঞ্জে পড়তে হয়

· Prothom Alo

বর্তমানে চাকরির বাজার আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক। একটি ভালো চাকরি পাওয়া যেমন কঠিন, তেমনি চাকরিতে নিজেকে প্রমাণ করে স্থায়ী হওয়াও একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নতুন চাকরিতে যোগদানের পর যে ‘শিক্ষানবিশকাল’ বা পরীক্ষামূলক সময় থাকে, সেটি একজন কর্মজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে একজন কর্মীর দক্ষতা, আচরণ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা এবং প্রতিষ্ঠানের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বিচার করা হয়। তাই নতুন চাকরি, প্রবেশন সময় এবং চাকরিতে স্থায়ী হওয়ার আগের সময়টুকু একজন মানুষের কর্মজীবনের অন্যতম সংবেদনশীল অধ্যায়।

Visit moryak.biz for more information.

বাংলাদেশে বর্তমানে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশন সময় তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত হয়ে থাকে। অনেক সময় কর্মীর কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষানবিশকাল আরও বাড়িয়ে দেয়। কিছু ক্ষেত্রে এটি এক বছর পর্যন্তও গড়ায়। যেহেতু চাকরির সাক্ষাৎকারে খুব অল্প সময়ে একজন প্রার্থীর দক্ষতা যাচাই করা হয়, তাই মানবসম্পদ বিভাগ ও নিয়োগদাতারা এই শিক্ষানবিশকালকে কর্মীর পারফরম্যান্স মূল্যায়নের দ্বিতীয় ধাপ হিসেবে বিবেচনা করেন। এ সময়ে কর্মীদের ওপর বাড়তি চাপ থাকে। কারণ, তাঁরা জানেন—তাঁদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই কয়েক মাসের পারফরম্যান্সের ওপর। তাই নতুন কর্মীরা সব সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তবে অনেক সময় দেখা যায়, প্রবেশন সময়ে কর্মীরা অতিরিক্ত চাপ, অনিশ্চয়তা এবং মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে যান।

চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম যে বিষয়টি সামনে আসে, তা হলো নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। নতুন সহকর্মী, নতুন বস, নতুন কাজের ধরন এবং নতুন করপোরেট সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। কেউ কেউ খুব দ্রুত মানিয়ে নিতে পারলেও অনেকের জন্য এটি কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে যাঁরা প্রথমবার চাকরিজীবনে প্রবেশ করেন, তাঁদের জন্য এই পরিবর্তন আরও বেশি চ্যালেঞ্জিং।

শিক্ষানবিশ সময়ে কর্মীদের কাছ থেকে সাধারণত বেশি প্রত্যাশা করা হয়। অনেক প্রতিষ্ঠান মনে করে, এ সময়েই একজন কর্মীর প্রকৃত দক্ষতা যাচাই করা সম্ভব। ফলে নতুন কর্মীরা অনেক সময় অফিসের নির্ধারিত সময়ের বাইরেও কাজ করতে বাধ্য হন। অতিরিক্ত কাজের চাপ, লক্ষ্য পূরণের দায়িত্ব এবং দ্রুত শেখার চাপ মিলিয়ে তাঁদের ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পড়ে।

তবে শিক্ষানবিশকাল শুধু কর্মীর জন্য নয়, প্রতিষ্ঠানের জন্যও গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান এ সময়ে যাচাই করে—নতুন কর্মী দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত কি না। একজন কর্মীর টেকনিক্যাল দক্ষতা যতই ভালো হোক না কেন, যদি তিনি টিমওয়ার্কে দুর্বল হন বা করপোরেট আচরণে সমস্যা থাকে, তাহলে প্রতিষ্ঠান তাঁকে স্থায়ী করতে অনাগ্রহী হতে পারে।

ইন্টারভিউ শেষে আপনার করণীয়

বর্তমানে করপোরেট জগতে একটি বিষয় খুব বেশি গুরুত্ব পাচ্ছে—‘পেশাদারত্ব’। নতুন চাকরিতে প্রবেশন সময়ে এই গুণটি সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করা হয়। সময়মতো অফিসে আসা, কাজের আপডেট দেওয়া, দায়িত্বশীল আচরণ করা এবং সহকর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা একজন কর্মীর পেশাদারত্বের অংশ। অনেক সময় দেখা যায়, দক্ষতা থাকা সত্ত্বেও শুধু আচরণগত সমস্যার কারণে কেউ চাকরিতে স্থায়ী হতে পারেন না।

বাংলাদেশের তরুণ সমাজ বর্তমানে ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সচেতন। বিশ্ববিদ্যালয়জীবন থেকেই তাঁরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স, ইন্টার্নশিপ এবং পার্টটাইম কাজের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার চেষ্টা করেন। তারপরও বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশের পর অনেকেই হোঁচট খান। বাস্তব অফিস পরিবেশ একাডেমিক জীবনের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে শুধু মেধা নয়, ধৈর্য, যোগাযোগদক্ষতা এবং মানসিক দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ।

ধৈর্যের একটি বাস্তব উদাহরণ হলো—অনেক সময় রিপোর্টিং বস নতুন কর্মীকে শুরুতে কয়েক দিন, এমনকি সপ্তাহ পর্যন্ত সরাসরি বড় কোনো দায়িত্ব দেন না। বরং তিনি কর্মীর আচরণ, মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং কাজের আগ্রহ পর্যবেক্ষণ করেন। এ সময়ে ধৈর্য ধরে প্রতিষ্ঠানের পরিবেশ, করপোরেট সংস্কৃতি, কাজের ধরন ও নীতিমালা সম্পর্কে জানার চেষ্টা করা উচিত।

চাকরিতে স্থায়ী হওয়ার আগের সময়টুকু শুধু পরীক্ষার সময় নয়, বরং নিজেকে গড়ে তোলারও একটি বড় সুযোগ

প্রবেশন সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো অনিশ্চয়তা। একজন কর্মী জানেন না, তিনি শেষ পর্যন্ত স্থায়ী হবেন কি না। এই অনিশ্চয়তা অনেক সময় মানসিক চাপ তৈরি করে। বিশেষ করে যাঁরা পরিবার থেকে আর্থিকভাবে দায়িত্বশীল, তাঁদের জন্য বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়ায়। কারণ, চাকরি স্থায়ী না হলে ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাহত হতে পারে।

এ ছাড়া কিছু প্রতিষ্ঠানে প্রবেশন সময়কে অপব্যবহার করার অভিযোগও রয়েছে। অনেক প্রতিষ্ঠান কম বেতনে কর্মী নিয়োগ দিয়ে প্রবেশন শেষে তাঁদের বাদ দিয়ে নতুন কর্মী নেয়। এতে কর্মীরা ক্ষতিগ্রস্ত হন এবং চাকরির বাজারে একধরনের অনিরাপত্তা তৈরি হয়। শ্রম আইনের যথাযথ প্রয়োগ এবং করপোরেট জবাবদিহি বাড়ানো গেলে এ সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

আবার উল্টো চিত্রও দেখা যায়। অনেক কর্মী সময় ব্যবস্থাপনা ঠিকভাবে না করে, যোগাযোগদক্ষতা বজায় না রেখে কিংবা পেশাদারত্বের ঘাটতি থাকা সত্ত্বেও চাকরি স্থায়ী না হওয়ার জন্য শুধু নিয়োগদাতাকে দোষারোপ করেন। অথচ আত্মসমালোচনা এবং নিজের দুর্বলতা চিহ্নিত করাও সমান গুরুত্বপূর্ণ।

নতুন চাকরিতে প্রবেশন সময় পার করার জন্য কিছু বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, শেখার মানসিকতা থাকতে হবে। কেউই শুরু থেকেই সবকিছু জানেন না। তাই ভুল করলে তা থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা জরুরি। দ্বিতীয়ত, যোগাযোগদক্ষতা বাড়াতে হবে। বস বা সহকর্মীদের সঙ্গে পরিষ্কার ও ইতিবাচক যোগাযোগ কর্মক্ষেত্রে ভালো প্রভাব ফেলে। তৃতীয়ত, সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারা একজন দক্ষ কর্মীর অন্যতম বৈশিষ্ট্য।

প্রবেশন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। বর্তমানে অনেক প্রতিষ্ঠান কর্মীদের অনলাইন আচরণও পর্যবেক্ষণ করে; বিশেষ করে ফেসবুক, লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাই কর্মক্ষেত্র বা সহকর্মীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। বরং নিজের পেশাগত পরিচয় গড়ে তুলতে লিংকডইনের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে।

এক যুগেরও বেশি মানবসম্পদ বিভাগে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি মনে করি, এসব বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখা উচিত। এ সময়ে সময় ব্যবস্থাপনা, ভালো যোগাযোগদক্ষতা বজায় রাখা, ধৈর্য, পরিশ্রম এবং পেশাদারত্বের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারলে ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত্তি মজবুত হয়। চাকরিতে স্থায়ী হওয়ার আগের সময়টুকু তাই শুধু পরীক্ষার সময় নয়, বরং নিজেকে গড়ে তোলারও একটি বড় সুযোগ। যে কর্মী এই সময়কে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারেন, তিনিই ভবিষ্যতে কর্মজীবনে সফলতার পথে এগিয়ে যেতে পারেন।

লেখক: প্রধান মানবসম্পদ কর্মকর্তা, বিক্রয় ডটকম

Read full story at source