‘১৭ বছরে তিন বিয়ে জীবনটাই ধ্বংস করে দিয়েছে’
· Prothom Alo

তিনটি ব্যর্থ বিয়ে নিয়ে এবার খোলামেলা কথা বললেন মালয়ালম অভিনেত্রী মীরা বাসুদেবান। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, জীবনের ১৭টি গুরুত্বপূর্ণ বছর তিনি ‘তিনটি বিয়ের পেছনে নষ্ট’ করেছেন। এই তিন বিয়ে জীবনটাই ধ্বংস করে দিয়েছে। তাঁর কথায়, সেই সময়টুকু যদি নিজের ক্যারিয়ার, পরিবার বা ব্যক্তিগত উন্নয়নে ব্যয় করতেন, তাহলে জীবন অন্য রকম হতে পারত।
Visit rouesnews.click for more information.
২০০৩ সালে ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফরমুল’ মিলিন্দ সুমনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান মীরা। পরে মালয়ালম সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করেন তিনি। বিশেষ করে ‘থানমাথরা’ ছবিতে মোহনলালের সঙ্গে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
সম্প্রতি ধন্যা বর্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপের সুরে মীরা বলেন, ‘আমি প্রায়ই আমার ছেলেকে বলি, আমি জীবনের ১৭টি বছর তিনটি বাজে বিয়েতে নষ্ট করেছি। ওই সময়টায় আমি আরও অনেক কিছু অর্জন করতে পারতাম, যদি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতাম। সিনেমা, ফিটনেস বা নিজের জন্য একটা ভালো সামাজিক পরিমণ্ডল গড়ে তোলার দিকে মন দিতে পারতাম।’
মীরা আরও বলেন, ‘আমি জীবনে আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু পারিনি। বাবা, মা আর বোনের সঙ্গে অনেক সময় কাটাতে পারতাম। কিন্তু তার বদলে আমি সেই সময় অন্যদের জন্য নষ্ট করেছি। এমন কিছু সম্পর্কের পেছনে সময় দিয়েছি, যেখানে আমাকে কখনোই গুরুত্ব বা সম্মান দেওয়া হয়নি।’
এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার নিজের ব্যর্থ দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন মীরা। চলতি বছরের শুরুতে মুভি ওয়ার্ল্ড মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি আগেই মেনে নিয়েছিলাম যে এসব ঘটনা ঘটবে। আমি ভুল করেছি, আর সেটা লুকানোর কিছু নেই। এখন আমাকে নিজের জীবন নিয়ে সামনে এগোতে হবে। বর্তমানে আমি ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত এবং জীবনে খুব সুখী। এখন আমি জীবনের খুব সুন্দর একটা পর্যায়ে আছি।’
ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন এই অভিনেত্রীমীরার প্রথম বিয়ে হয়েছিল ২০০৫ সালে চিত্রগ্রাহক অশোক কুমারের ছেলে বিশাল আগারওয়ালের সঙ্গে। তবে সেই সম্পর্ক টেকেনি, ২০১০ সালের জুলাইয়ে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১২ সালে মালয়ালম অভিনেতা জন কোক্কেনকে বিয়ে করেন তিনি। এই দম্পতির একটি ছেলেসন্তানও রয়েছে। কিন্তু ২০১৬ সালে তাঁদের সম্পর্কেরও ইতি ঘটে।
এরপর ২০২৪ সালের মে মাসে চিত্রগ্রাহক ভিপিন পুথিয়ানকমের সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন মীরা। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৫ সালের আগস্টে তাঁদের বিচ্ছেদ হয়।
অভিনয়জীবনে মীরা কাজ করেছেন একাধিক আলোচিত ছবিতে। এর মধ্যে রয়েছে ‘উরুভান’, ‘একানথাম’, ‘কুট্টামামা’, ‘থাক্কল’ ইত্যাদি।