পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে চুরি ও অগ্নিসংযোগ
· Prothom Alo

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, মূল্যবান সামগ্রী চুরি ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
Visit somethingsdifferent.biz for more information.
পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী বলেন, আজ সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কালীমন্দিরের পাশের শিবঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। প্রতিমার বিভিন্ন অংশ বাইরে এনে আগুনে পোড়ানো হয়েছে। এ ছাড়া শ্মশানের মূল ফটকের দুটি তালা ভাঙা হয়েছে। মন্দিরের প্রণামি বাক্স এবং মৃতদেহ সৎকারের কাজে ব্যবহৃত কাঁসা, পিতল ও তামার বিভিন্ন সামগ্রী পাওয়া যায়নি। পূজার বিভিন্ন উপকরণসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সুনীল চক্রবর্তী আরও বলেন, ‘চুরি হওয়া একরকম; কিন্তু প্রতিমা ভাঙচুর করা—এটা কেমন বিষয়! এর দ্বারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করছে একদল দুর্বৃত্ত।’
ওই ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী ও পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে ওসি শরীফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত করছি। একটি হলো চুরির ঘটনা, অন্যটি হলো নাশকতার উদ্দেশ্যে কেউ এ ধরনের কার্যকলাপ করেছে কি না—সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।’