ওটিটিতে আসছে ‘দৃশ্যম ৩’, কবে কোথায় দেখা যাবে ছবিটি

· Prothom Alo

২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে এর সিক্যুয়েলটিও ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ, একজন সাধারণ কেব্‌ল ব্যবসায়ী। কিন্তু পরিবারকে বাঁচাতে তাঁর বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই। এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’ গত ২১ মে মুক্তির পরেই ২০০ কোটি রুপির বেশি আয় করে। এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি, ঘরে বসেই দেখা যাবে জর্জকুট্টির জাদু।

কবে ও কোথায় দেখা যাবে?
নির্মাতাদের ঘোষণায় জানা গেছে, ১৮ জুন থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে ‘দৃশ্যম ৩’-এর। মালয়ালমের পাশাপাশি তেলেগু, তামিল ও কন্নড় ভাষার ডাব সংস্করণও পাওয়া যাবে।

Visit asg-reflektory.pl for more information.

কী নিয়ে ‘দৃশ্যম ৩’?
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি ভারতীয় সিনেমার অন্যতম সফল থ্রিলার সিরিজ। ২০১৩ সালের প্রথম ছবি এবং ২০২১ সালের ‘দৃশ্যম ২’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন কিস্তিতে আবারও ফিরে এসেছেন জর্জকুট্টি—একজন সাধারণ মানুষ, যিনি পরিবারের সুরক্ষার জন্য অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন।

‘দৃশ্যম ৩’–এর পোস্টার। ইনস্টাগ্রাম থেকে

‘দৃশ্যম ৩’-এর গল্প শুরু হয়েছে ‘দৃশ্যম ২’-এর কয়েক বছর পর। জর্জকুট্টি যেন অবশেষে পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলেছেন। এমনকি অতীতের ঘটনাকে কেন্দ্র করে একটি সফল চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। কিন্তু অতীত কি এত সহজে চাপা পড়ে?

দুই সাংবাদিক সেই পুরোনো রহস্যের অনুসন্ধান শুরু করলে নতুন করে বিপদ ঘনিয়ে আসে। এর মধ্যেই বড় মেয়ে অঞ্জুর বিয়ের প্রস্তাবকে ঘিরে তৈরি হয় এক ভয়ংকর ফাঁদ। পুরোনো শত্রুরা ফিরে আসে নতুন উদ্দেশ্য নিয়ে। পরিবারকে বাঁচাতে আবারও নিজের বুদ্ধি, ধৈর্য ও কৌশলের আশ্রয় নিতে হয় জর্জকুট্টিকে।

মোহনলালের ভাষায়, ‘জর্জকুট্টি এমন একটি চরিত্র, যাকে দর্শক বহু বছর ধরে ভালোবেসে আসছেন। “দৃশ্যম”-এর শক্তি শুধু রহস্যে নয়, পরিবার, ভালোবাসা ও টিকে থাকার মানবিক গল্পেও। বিশ্বজুড়ে দর্শকেরা এবার প্রাইম ভিডিওর মাধ্যমে ছবিটি দেখতে পারবেন, এতে আমি আনন্দিত।’

২০০ কোটি পার করল ‘দৃশ্যম ৩’, কোন জাদুতে আবার বাজিমাত করলেন জর্জ কুট্টি

জিতু জোসেফ জানিয়েছেন, তৃতীয় কিস্তিতে তিনি শুধু গল্প এগিয়ে নিতে চাননি, বরং জর্জকুট্টির মানসিক জগতের গভীরে প্রবেশ করতে চেয়েছেন।
জিতু জোসেফের মতে, “পরিবারকে রক্ষা করার জন্য নেওয়া সিদ্ধান্তগুলো জর্জকুট্টিকে শক্তিশালী করেছে, কিন্তু একই সঙ্গে ভয়, অপরাধবোধ ও অনিশ্চয়তার ভারও তাঁর ওপর চাপিয়ে দিয়েছে। এই ছবিতে সেই মানসিক মূল্যটিই তুলে ধরা হয়েছে।”

এক বিশ্বজোড়া সফল ফ্র্যাঞ্চাইজি
‘দৃশ্যম’ শুধু মালয়ালম সিনেমার সীমানায় আটকে থাকেনি। এটি হিন্দি, তামিল, তেলেগু, সিংহলি, মান্দারিন ও কোরিয়ান ভাষায়ও পুনর্নির্মিত হয়েছে। বিশেষ করে অজয় দেবগন অভিনীত হিন্দি সংস্করণও ব্যাপক জনপ্রিয়তা পায়।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Read full story at source