জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চুক্তি সই
· Prothom Alo

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি) আজ বৃহস্পতিবার ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানটি তাদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য ব্রিটিশ কাউন্সিলের ‘প্রাইমারি ইংলিশ টেস্ট’ ও ‘সেকেন্ডারি ইংলিশ টেস্ট’ চালু করেছে।
Visit freshyourfeel.com for more information.
সিলেটে জেসিইএসসি ক্যাম্পাস প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা, জেসিইএসসির অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমণ্ডলী এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এই মূল্যায়ন পরীক্ষাগুলোর পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে জেসিইএসসি কর্তৃপক্ষ একটি অফিশিয়াল ‘আইইএলটিএস (IELTS) রেজিস্ট্রেশন সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা এখন থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমেই অত্যন্ত সহজে ও সুবিধাজনকভাবে আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারবেন।
এই যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ বলেন, ‘জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আমাদের এই অনন্য অংশীদারত্ব প্রতিষ্ঠানটির প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরাসরি আন্তর্জাতিক মানের ইংরেজি মূল্যায়ন পদ্ধতি হাতের নাগালে এনেছে। শৈশব থেকেই ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা গড়ে তোলার মাধ্যমে আমরা আগামী দিনের বিশ্ব নাগরিক তৈরির পথ সুগম করছি। এই যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমি জেসিইএসসির নেতৃত্ববৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
এই বিশেষ উপলক্ষে জেসিইএসসির অধ্যক্ষ লে. কর্নেল মো. আরিফুর রহমান, পিএসসি, পিএইচডি, এইসি, ব্রিটিশ কাউন্সিলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে বেছে নেওয়ার জন্য আমি ব্রিটিশ কাউন্সিলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগকে সফল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই অংশীদারত্ব আমাদের প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার ভিত্তিকে আরও মজবুত করবে এবং আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।’
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অ্যাকাউন্ট রিলেশনশিপ ম্যানেজার আনিকা বুশরা একটি আকর্ষণীয় এবং তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর একটি ইন্টারেকটিভ প্রশ্নোত্তর (Q&A) পর্বের আয়োজন করা হয়, যেখানে অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি ব্রিটিশ কাউন্সিল টিমের সঙ্গে মতবিনিময় করার এবং এই মূল্যায়ন পরীক্ষাগুলোর দীর্ঘমেয়াদি শিক্ষাগত সুবিধাগুলো বিস্তারিতভাবে জানার সুযোগ পান।
এই অংশীদারত্ব ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়নে উভয় প্রতিষ্ঠানের যৌথ প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ, যা জেসিইএসসির শিক্ষার্থীদের জন্য একাডেমিক সাফল্য, উচ্চশিক্ষা ও বৈশ্বিক অঙ্গনে যুক্ত হওয়ার নতুন দিগন্ত উন্মোচন করবে।