ট্রাকের ধাক্কায় আহত ছাত্রদল কর্মীর মৃত্যু
· Prothom Alo

লক্ষ্মীপুর শহরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল কর্মী চৌধুরী রুবেল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) তাঁর মৃত্যু হয়।
Visit newsbetting.cv for more information.
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ফারুক হোসেন চৌধুরীর ছেলে। তিনি স্কুলজীবন থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।
পুলিশ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী রুবেল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বলেন, রুবেলের অকাল মৃত্যুতে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংগঠনের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।