ঘড়ির কাঁটার গল্প এবার ডেনিমের ক্যানভাসে
· Prothom Alo

সময়কে শুধু ঘড়ির কাঁটায় নয়, পোশাকের নকশাতেও জীবন্ত করে তুলেছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থী তাহমিদ কবির প্রণয়। রইল বিস্তারিত...
Visit tr-sport.bond for more information.
সময়কে ধরা যায় না, ছোঁয়াও যায় না। তবু প্রতিটি মুহূর্তের সাক্ষী হয়ে থাকে একটি ঘড়ি। সেই সময়, তার গতি, শৃঙ্খলা আর স্মৃতিকেই নকশার ভাষায় রূপ দিয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থী তাহমিদ কবির প্রণয়। তাঁর ‘ওয়াচ থিম কালেকশন’-এ সময়ের বিমূর্ত ধারণা ধরা দিয়েছে গাঢ় নীল ডেনিমের ক্যানভাসে।
প্রতিটি পোশাক যেন সময়ের একেকটি মুহূর্তের গল্প বলে। ঘড়ির ডায়াল, কাঁটা, গিয়ার, চেইন ও ধাতব টেক্সচারকে নকশার মূল উপাদান হিসেবে ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে সময়ের যান্ত্রিক সৌন্দর্য।
কাট, প্যাটার্ন ও স্ট্রাকচারে কোথাও রয়েছে মিনিমাল ও ক্ল্যাসিক আবেদন, আবার কোথাও দেখা যায় পরীক্ষাধর্মী নকশার ছাপ। এই বৈচিত্র্যের সমন্বয়েই তৈরি হয়েছে পুরো কালেকশন।
কালেকশনজুড়ে গাঢ় নীল ডেনিমই হয়ে উঠেছে প্রধান আকর্ষণ। সেই ডেনিমের জমিনে সাদা গ্রাফিক মোটিফের সাহায্যে সময়ের প্রতীকগুলোকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন তাহমিদ কবির প্রণয়।
কখনো অফ-শোল্ডার এ-লাইন ড্রেসের বুকজুড়ে বড় আকারের ঘড়ির ডায়াল নজর কাড়ছে । অন্যদিকে স্ট্র্যাপলেস ফিটেড ড্রেসের সামনের অংশজুড়ে রোমান সংখ্যাসহ টাইমপিসের নকশা সময়ের ধারণাকে পোশাকের সঙ্গে জুড়ে দিয়েছে।
একটি ওয়ান-শোল্ডার মিনিড্রেসে বালুঘড়ির মোটিফ সময়ের অবিরাম প্রবাহের প্রতীক হয়ে উঠেছে যেন ।
আবার একটি ওয়ান-শোল্ডার টপ ও ট্রাউজারে বড় আকারের ঘড়ির ডায়ালের পাশাপাশি ট্রাউজারে লেখা ‘ওয়ান ডে অ্যাট আ টাইম’ পুরো কালেকশনের ভাবনাকে আরও অর্থবহ করেছে।
এ ছাড়া টাইপোগ্রাফিক নকশার ক্রপ টপ, ভলিউমিনাস লেয়ারড স্কার্ট এবং ঘড়ির সংখ্যা ও কাঁটার গ্রাফিক মোটিফে সাজানো টপ-ট্রাউজার সেট কালেকশনটিতে যোগ করেছে সমসাময়িক ও পরীক্ষাধর্মী আবেদন।
এই কালেকশনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। ট্র্যাডিশনাল সিলুয়েটের সঙ্গে সমসাময়িক ফ্যাশনের উপাদান মিলিয়ে এমন সব পোশাক তৈরি করা হয়েছে, যা শুধু রানওয়ের জন্য নয়, বাস্তব জীবনেও স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠতে পারে।
সময় যেমন কখনো থেমে থাকে না, তেমনি ফ্যাশনও প্রতিনিয়ত বদলে যায়। সেই পরিবর্তনের ধারাই প্রতিফলিত হয়েছে এই কালেকশনের প্রতিটি নকশায়।
ডিজাইনারের ভাষায়, ‘ওয়াচ থিম কালেকশন’ তাঁদের জন্য, যাঁরা সময়কে শুধু ঘড়ির কাঁটায় আটকে থাকা সংখ্যা হিসেবে নয়, জীবনের মূল্যবান অংশ হিসেবে দেখেন। তাঁর বিশ্বাস, সময়ই মানুষের পরিচয়, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গড়ে তোলে। তাই প্রতিটি ডিজাইনে আত্মবিশ্বাস, দৃঢ়তা, সৌন্দর্য ও সমসাময়িক রুচির প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন তিনি।
ছবি: তাহমিদ কবির প্রণয়