লটারিতে গণপূর্তের ৭৬৭ উপসহকারী প্রকৌশলীর বদলি
· Prothom Alo

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে দেশের আটটি বিভাগের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীর (সিভিল) পদায়নের স্থান ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়।
Visit bettingx.bond for more information.
লটারি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রথমবারের মতো এ পদে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। লটারিভিত্তিক বদলি কার্যক্রমের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থায় বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এর মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
এসব উপসহকারী প্রকৌশলীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় পদায়ন করা হয়েছে।
লটারির মাধ্যমে বদলি কার্যক্রম বিষয়ে অতিরিক্ত সচিব সারোয়ার আলম বলেন, এতে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।
লটারিভিত্তিক বদলি কার্যক্রমের সঙ্গে যুক্ত গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ফিরোজ হাসান বলেন, লটারিভিত্তিক বদলি কার্যক্রম প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ফৌজিয়া খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রোমেকানিক্যাল শাখার উপসহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও লটারির মাধ্যমে করা হবে।