বন্ধুসভার আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার
· Prothom Alo

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ও বিশেষ প্যানেল আলোচনা আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা। ১৩ আগস্ট, বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস ডিবেটিং ক্লাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, সোনারগাঁও ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব ও ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। সংসদীয় ধারার এই বিতর্কে প্রথম ধাপে আটটি দল থেকে চারটি দল পরবর্তী বিতর্কে উন্নীত হবে, তারপর বিজয়ী দুটি দল মুখোমুখি হবে চূড়ান্ত পর্বে।
Visit somethingsdifferent.biz for more information.
বিতর্ক শেষে দেশের প্রথিতযশা তরুণ নেতৃত্বের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। প্যানেল আলোচনার বিষয় ‘আগামীর বাংলাদেশ: তারুণ্যের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’। এ আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অ্যাডভাইজার চিলড্রেন অ্যান্ড ইয়ুথ লিডারশিপ ফাল্গুনী রেজা।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম, ব্র্যাক এডুকেশনের পরিচালক শাফি রহমান খান, ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের হেড সাইয়েদ আব্দুল কাদির, এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও বেনজির আবরার। এই পর্বের সঞ্চালক হিসেবে থাকবেন বন্ধুসভা জাতীয় পর্ষদের বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক কামরুল ইসলাম।
সমাপনী আয়োজনে চূড়ান্ত পর্বের বিতার্কিক, বিচারক ও অতিথিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এ আয়োজনে সহযোগী হিসেবে থাকছে ব্র্যাক।
দুপুর সাড়ে ১২টায় অংশগ্রহণকারীদের রিপোর্টিং। প্রথম পর্বের বিতর্ক শুরু হবে বেলা ২টায়। দ্বিতীয় পর্ব শুরু হবে বেলা সাড়ে ৩টায়। চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে প্যানেল আলোচনা। এই পর্ব এক ঘণ্টাব্যাপী চলবে। এরপর সমাপনী আয়োজন।