রায়েরবাজারে তরুণ হত্যায় এক ব্যক্তি গ্রেপ্তার

· Prothom Alo

রাজধানীর রায়েরবাজারে জিহাদ (২০) হত্যার ঘটনায় মো. পারভেজ (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে রায়েরবাজারের হাশেম খান সড়ক এলাকা থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা এ তথ্য জানান।

Visit umafrika.club for more information.

পুলিশ বলছে, জিহাদের ব্যবহৃত মুঠোফোনটি পারভেজের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর পারভেজকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

জিহাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ। বাবার নাম মো. মোশারফ হোসেন। জিহাদ রায়েরবাজারের হাশেম খান সড়ক এলাকায় থাকতেন।

পুলিশ বলছে, প্রাথমিক তথ্যে তারা জানতে পারে, মুঠোফোন নিয়ে পূর্বশত্রুতার জেরে জিহাদকে গত রোববার রাতে মারধর করেন আসামিরা। মারধরে জিহাদ গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজনের ভাষ্য, জিহাদের সঙ্গে পারভেজসহ অন্য আসামিদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মারধর করে জিহাদের মুঠোফোনটি আসামিরা নিয়ে যান। আসামি পারভেজ গত সোমবার দুপুরের দিকে জিহাদকে তাঁর বাসার সামনে ফেলে চলে যান। জিহাদকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে জিহাদের মৃত্যু হয়।

পুলিশ বলছে, খবর পেয়ে তারা উত্তরার হাসপাতালটিতে যায়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে লাশের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Read full story at source