৯ শিশুশিক্ষার্থী গুদামে আটক: অভিযুক্ত কিশোরেরা অভিভাবকদের ‘হুমকি দিচ্ছে’

· Prothom Alo

বগুড়ার শেরপুরে মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেকে নিয়ে ৯ শিক্ষার্থীকে গুদামে আটকে রাখার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ছাত্রের বাবা। তিনি অভিযোগ করেছেন, থানা–পুলিশকে জানানোর পর অভিযুক্ত এক কিশোর তাঁদের হুমকি দিয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে। তবে এ ঘটনায় করা লিখিত অভিযোগ আজ বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়নি।

Visit newsbetting.bond for more information.

এ সম্পর্কে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, অভিযোগটি গতকাল মঙ্গলবার তিনি পেয়েছেন। ৯ শিশুকে প্রলোভন দেখিয়ে পাশের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় একটি মুরগির গুদামে আটকে রাখার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে এসআই কামরুল হাসান বলেন, এমন ঘটনা পুলিশকে জানানো হয়নি।

গত সোমবার মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেকে নিয়ে ৯ শিক্ষার্থীকে আটকে রাখার ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন কিশোর তাদের ডেকে নিয়ে যায়। প্রায় আট ঘণ্টা পর ছয় কিলোমিটার দূরে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার একটি মুরগির খামারের গুদাম থেকে তাদের উদ্ধার করেন অভিভাবকেরা।

সোমবার রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী সুমনের বাবা শুকুর আলী। তিনি পাঁচ কিশোরের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওই পাঁচ কিশোরের বয়স ১৫–১৭ বছর।

বিদ্যালয় থেকে ডেকে নিয়ে ৯ শিশুকে আট ঘণ্টা আটকে রাখা হয়েছিল গুদামে

শুকুর আলী আজ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, গত সোমবার রাতে তিনি ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এর জের ধরে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযুক্ত এক কিশোর (১৭) ও অজ্ঞাতনামা আরও দুই-তিনজন তাঁর ভাইয়ের স্ত্রীকে (ভাবি) হুমকি দেয়। অভিযুক্ত কিশোরেরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে ওই কিশোরের সঙ্গে যোগাযোগ করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, অভিযোগটি এখনো তদন্তাধীন। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Read full story at source