ভারত সফরে রুবিও, কেন জামনগরে নজর যুক্তরাষ্ট্রের

· Prothom Alo

ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব সামাল দেওয়া ও যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের অংশ হিসেবে বুধবার তিনি পশ্চিম ভারতের গুজরাটের জামনগরে পৌঁছান। সেখানে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারটি পরিদর্শন করেছেন তিনি। নির্ধারিত সূচি পরিবর্তন করে রাতে রুবিও জামনগরেই অবস্থান করবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

Visit esporist.com for more information.

জামনগরে অবস্থিত এই বিশালাকায় তেল শোধনাগার কমপ্লেক্সটি ভারতের বহুজাতিক সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। পরিদর্শনের পাশাপাশি রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রুবিও। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর আগেই জানিয়েছিলেন, (জামনগরে) তিনি (রুবিও) রিলায়েন্সের কিছু কর্মকর্তার সঙ্গে দেখা করবেন।

গত মঙ্গলবার সফরের প্রথম দিনেই ভারতের জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্রের একটি বড় ভূমিকার ইঙ্গিত দেন মার্কো রুবিও। তিনি জানান, ভারতের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। এর আগে তিনি ভারতকে অপরিশোধিত তেল শোধনের ‘সুপারপাওয়ার’ বলেও অভিহিত করেছিলেন।

বিশ্লেষকদের মতে, আগামী নভেম্বরের শুরুতে মার্কিন কংগ্রেসে ‘মিড টার্ম’ বা মধ্যবর্তী নির্বাচন। এর আগে ক্রমবর্ধমান ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য জরুরি। একই সঙ্গে ইরান যুদ্ধের মধ্যে জ্বালানির বিকল্প ব্যবস্থা করে রাশিয়ার ওপর বাড়তি চাপ সৃষ্টি করাও রুবিওর এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

মার্কিন কনস্যুলেট জেনারেল কার্যালয় পরিদর্শনের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। মুম্বাই, ভারত।

এ ছাড়া রিলায়েন্স সম্প্রতি যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে বৈশ্বিক পুঁজি আকর্ষণে নিজেদের সফলতার অন্যতম প্রধান উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর গত সপ্তাহে সাংবাদিকদের জানান, চলতি বছরের শুরুতে রুবিও ভারতে এলেও এবারের সফরটি ‘একটু বেশি ব্যবসাকেন্দ্রিক’। রুবিওর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে আগেই বলা হয়েছিল, তিনি ‘বাণিজ্যিক বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার সুযোগগুলোকে উৎসাহিত করার জন্য ব্যবসায়িক নেতাদের সঙ্গে দেখা করবেন।’

বিশ্বের একক বৃহত্তম তেল শোধনাগার

যুক্তরাষ্ট্র বর্তমানে বৈশ্বিক তেল বাণিজ্যকে নতুন চেহারা দিতে চাইছে। বিশেষ করে চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের পর দেশটির অপরিশোধিত তেলের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। এখন ভেনেজুয়েলার সেই তেল আমদানিতে জামনগর শোধনাগারের ক্ষমতাই পুনরুজ্জীবন ঘটানো হচ্ছে।  

মঙ্গলবার রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমরা ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আরও বেশি করে শোধন করার বিষয়ে রিলায়েন্সের সঙ্গে কথা বলব।’

ভোক্তাপণ্য ও বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, চলতি অক্টোবরে রিলায়েন্স থেকে প্রতিদিন ৩ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৭০ হাজার ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

মুকেশ আম্বানির সংস্থার জামনগর শোধনাগারটি বিশ্বের একক বৃহত্তম তেল শোধনাগার। এর দৈনিক সম্মিলিত অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা ১৪ লাখ ব্যারেল, যা বৈশ্বিক শোধনাগার ক্ষমতার প্রায় ১ দশমিক ৫ শতাংশ। এই কমপ্লেক্সে দুটি শোধনাগার রয়েছে। প্রথমটি ১৯৯৯ সালে চালু হওয়া মূল সুবিধা, যার ক্ষমতা প্রতিদিন ৬ লাখ ৬০ হাজার ব্যারেল। দ্বিতীয়টি ২০০৮ সালে চালু হওয়া একটি রপ্তানিমুখী শোধনাগার, যা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাজ করে এবং প্রতিদিন আরও ৫ লাখ ৮০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে।

রিলায়েন্স গত মাসে জানিয়েছে, কমপ্লেক্সটি এ পর্যন্ত ২১৬টির বেশি ধরনের অপরিশোধিত গ্রেড প্রক্রিয়াজাত করেছে। সংস্থাটির দাবি, এটি ‘সম্ভবত এই কৃতিত্ব অর্জনকারী একমাত্র শোধনাগার’।

Read full story at source