দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: জামায়াত আমির

· Prothom Alo

দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের। এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক।

Visit newsbetting.cv for more information.

অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।

আজ সোমবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের দিনব্যাপী বৈঠকে সভাপতির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।

জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০–এর বেশি শহীদ এবং হাজার হাজার আহত ব্যক্তির বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সব সময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। আমাদের স্পষ্ট কথা, আমরা জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় ইতিমধ্যে নোটিশ দিয়েছি। যদি নোটিশের বিষয়গুলোয় সংসদে আমরা জবাব না পাই, তাহলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে। এ জন্য আমাদের দায়িত্বশীলদের সামগ্রিকভাবে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ ও জাতির খেদমতে প্রস্তুতি নিতে হবে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭–সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় ও দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Read full story at source