যুক্তরাষ্ট্রের বাইরে এআই ডেটা সেন্টার বানানো মার্কিন কোম্পানি নিষিদ্ধ করার হুমকি ট্রাম্পের

· Prothom Alo

দেশের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টার বানানো মার্কিন কোম্পানিগুলো নিষিদ্ধ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব প্রযুক্তি কোম্পানি বিদেশে ডেটা সেন্টার বানাবে, তাদের ওপর ‘বিপুল কর’ আরোপের হুমকিও দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা সবকিছু এ দেশেই রাখব।’ তবে এ বিষয়ে সম্ভাব্য নীতি নিয়ে তিনি তেমন বিস্তারিত কিছু বলেননি। তিনি জানান, তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যরাও বিষয়টি (মার্কিন কোম্পানিকে ডেটা সেন্টার দেশের বাইরে করতে না দেওয়া) প্রথমবার শুনছেন।

Visit goldparty.lat for more information.

চলতি নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেটা সেন্টার একটি প্রধান ইস্যু ছিল। ডেমোক্রেটিক পার্টির অনেক প্রার্থী ডেটা সেন্টার নির্মাণে কঠোর নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মেটা ও গুগলসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিদেশে ডেটা সেন্টার বানানোর চুক্তি করেছে। এখন ট্রাম্প নতুন নীতি চালু করলে সেটা কীভাবে কার্যকর করা হবে, তা এখনো পরিষ্কার নয়।

এশিয়া সফর থেকে ফেরার পর এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের কোম্পানিগুলোকে দেশের বাইরে ডেটা সেন্টার বানাতে দেব না। কারণ, চীন সেগুলোর সব নিয়ে নেবে। আমরা সেটা হতে দেব না।’

তবে এ ভাবনা শেষ পর্যন্ত নীতিতে পরিণত হবে কি না, তা–ও স্পষ্ট নয়।

ট্রাম্প বলেন, ‘আমি জানি না, এটা ব্রেকিং খবর কি না। আমি তো এটা আমার লোকদেরও বলিনি। তবে এখন বলছি, তাঁরা এখানেই আছেন।’

যুক্তরাষ্ট্র ডেটা সেন্টার নির্মাণে এগিয়ে আছে, এমন দাবি করার পর ট্রাম্প এ কথা তোলেন। তিনি আরও বলেন, এআইয়ের ক্ষেত্রে তাঁরা চীনের কাছে যুক্তরাষ্ট্রকে হারতে দেবেন না। এআইকে ট্রাম্প বলেন ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের তরফে উন্নত কম্পিউটার চিপের রপ্তানি সীমিত করার একটি ঘোষণা এসেছিল। এসব চিপের কম্পিউটিং ক্ষমতা কারা ব্যবহার করতে পারবে, সেটাও সীমিত করা হয়। ট্রাম্পের নতুন বক্তব্য এর পরপরই এল।

গত সোমবার ওয়াশিংটন ঘোষণা দেয়, উন্নত চিপ কিনতে কোম্পানিগুলোর লাইসেন্স লাগবে। এর মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নজর রাখতে পারবেন, চিপগুলো চীনা কোম্পানির কাজে ব্যবহার হচ্ছে কি না, কিংবা চীনে পাচার হচ্ছে কি না।

এ পদক্ষেপের প্রভাব পড়বে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর। দেশগুলো ডেটা সেন্টারে বিপুল বিনিয়োগ করেছে। চীনা কোম্পানিগুলো বিদেশ থেকে কম্পিউটিং ক্ষমতা ভাড়া নেওয়ার চেষ্টা করছে।

এআইয়ের উত্থানে ডেটা সেন্টারের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশাল গুদামের মতো এসব ভবনে উন্নত কম্পিউটার চিপ ও সার্ভার থাকে। ক্লড ও চ্যাটজিপিটির মতো এআই প্রোগ্রাম চালাতে এগুলো দরকার হয়।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় তিন হাজার ডেটা সেন্টার ছিল। আরও ১ হাজার ৫০০টি অনুমোদন ও নির্মাণের বিভিন্ন পর্যায়ে ছিল।

এসব ডেটা সেন্টারের অনেকগুলো নির্মাণ হয়েছে গ্রামাঞ্চলে। ডেটা সেন্টারগুলো নিয়ে শব্দদূষণ ও বিদ্যুৎ খরচসহ নানা বিষয়ে উদ্বেগ আছে। ৩ নভেম্বরের নির্বাচনে ডেটা সেন্টার নির্মাণে কঠোর নিয়মের প্রতিশ্রুতি দেওয়া ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ে এসব উদ্বেগ ভূমিকা রেখেছে।

ট্রাম্প বলেন, ‘ডেটা সেন্টারের সুবিধা নেওয়া উচিত আপনাদের। এগুলোর কাছ থেকে অর্থ আদায় করুন, আপনাদের এলাকাকে অর্থ দিতে বাধ্য করুন। সুবিধা নিন কিন্তু বন্ধ করে দেবেন না।’

ট্রাম্প আরও বলেন, ‘আমাদের অনেক জায়গা আছে, যেখানে মানুষ এগুলো খুব করে চায়। সেগুলো দারুণ জায়গা। সেখানে জ্বালানি আছে, সবকিছুই আছে। এগুলো বিরাট সম্পদ।’

এআইয়ে বিপুল বিনিয়োগের কারণে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে প্রায়ই ‘এআই হাইপারস্কেলার’ বলা হয়। এসব কোম্পানিও অন্য দেশে কার্যক্রম ছড়াচ্ছে। কানাডা এসব ডেটা সেন্টারের বিকল্প গন্তব্য হিসেবে নিজেকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। সেখানে এখন পর্যন্ত এমন প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় বিরোধিতা তুলনামূলক কম।

Read full story at source