ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

· Prothom Alo

স্বাধীনতার পর শিল্পকারখানাগুলো জাতীয়করণ করা হয়েছিল। এ সিদ্ধান্তের পেছনে জাতীয় অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও গুরুত্বপূর্ণ পণ্যের বাজারে সরকারের নিয়ন্ত্রণ বজায় রাখার মতো বিষয় অনুঘটক হিসেবে কাজ করেছিল। তবে বাস্তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, দুর্নীতি এবং উৎপাদন বাড়াতে কারখানা আধুনিকায়নে বিনিয়োগ না করায় বেশির ভাগ রাষ্ট্রায়ত্ত শিল্প রুগ্‌ণ হয়ে পড়ে। এসব কারখানা পরিচালনার পেছনে বছরের পর বছর ধরে সরকারকে বিপুল অঙ্কের টাকা লোকসান গুনতে হচ্ছে।  

Visit tr-sport.click for more information.

 ২০২৩-২৪ অর্থবছরেই শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা চিনি ও খাদ্য, সিমেন্ট, ইস্পাত, রাসায়নিকসহ অন্যান্য খাতের কারখানাগুলোর লোকসান ছিল দুই হাজার কোটি টাকার বেশি। এ রকম বাস্তবতায় রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বেসরকারি খাতে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলেই মনে করি। তবে এই উদ্যোগের সাফল্য নির্ভর করবে রাজনৈতিক প্রভাব ও গোষ্ঠীস্বার্থ থেকে মুক্ত থেকে কতটা স্বচ্ছ ও জবাবদিহিমূলক নীতিমালা করা যায়, তার ওপর।

প্রথম আলোর খবর জানাচ্ছে, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) অধীন কারখানাগুলো ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদনের পর আগামী বছরের শুরুতে এ প্রক্রিয়া শুরু হতে পারে। 

রাষ্ট্রায়ত্ত খাতের এসব শিল্পপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে প্রতিবছর জনগণের করের অর্থ থেকে বিপুল পরিমাণ ভর্তুকি ও ঋণ দিতে হচ্ছে সরকারকে। অথচ সেই বিনিয়োগের বিপরীতে উৎপাদন, কর্মসংস্থান কিংবা অর্থনীতিতে প্রত্যাশিত অবদান মিলছে না। ফলে এই খাতে সংস্কারের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যাবে না।

তবে অভিজ্ঞতা বলছে, শিল্পকারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া মানেই সব সমস্যার সমাধান নয়। অতীতে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি খাতে হস্তান্তরের ক্ষেত্রে অনিয়ম, অস্বচ্ছতা ও প্রভাবশালী গোষ্ঠীর সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এবারও যদি রাজনৈতিক যোগাযোগ কিংবা বিশেষ গোষ্ঠীর স্বার্থে কারখানাগুলো বরাদ্দ দেওয়া হয়, তাহলে সংস্কারের উদ্দেশ্য ব্যর্থ হবে। বরং রাষ্ট্রীয় সম্পদ অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কা তৈরি হবে। এ কারণে প্রতিটি কারখানার আর্থিক অবস্থা, সম্পদের মূল্য, উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হবে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে প্রকৃত উদ্যোক্তা ও সক্ষম বিনিয়োগকারীদের নির্বাচন নিশ্চিত করতে হবে।

সরকারি খাতের শিল্পকারখানাগুলোর বিপুল পরিমাণ জমি ও সম্পদ রয়েছে। এর ব্যবহারের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহি প্রয়োজন। বেসরকারি বিনিয়োগের নামে শিল্পকারখানার জমি আবাসন বা বাণিজ্যিক প্রকল্পে ব্যবহারের সুযোগ কোনোভাবেই তৈরি করা যাবে না। যেসব প্রতিষ্ঠান হস্তান্তর করা হবে, সেগুলোতে উৎপাদন অব্যাহত রাখা, নতুন বিনিয়োগ, প্রযুক্তির আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বাধ্যবাধকতা থাকতে হবে। এ জন্য চুক্তিতে সুস্পষ্ট শর্ত, নির্দিষ্ট সময়সীমা এবং শর্তভঙ্গের ক্ষেত্রে চুক্তি বাতিলের বিধান রাখা জরুরি।

একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার অজুহাতে শ্রমিক ছাঁটাই কিংবা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য হতে পারে না। প্রয়োজনে পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা রাখতে হবে।

পিপিপির আওতায় দীর্ঘমেয়াদি ইজারা, রাজস্ব ভাগাভাগি কিংবা মুনাফা ভাগাভাগি—যে পদ্ধতিই গ্রহণ করা হোক, তার আগে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পৃথক সম্ভাব্যতা যাচাই প্রয়োজন। সব কারখানার জন্য একই মডেল কার্যকর হবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। আমরা মনে করি, চিনিসহ যেসব শিল্পকারখানা দেশি কাঁচামালনির্ভর, জাতীয় স্বার্থেই সেগুলো আধুনিকায়নে বিনিয়োগের সুযোগ তৈরি করা প্রয়োজন। চুক্তিতে যাতে জাতীয় ও জনগণের স্বার্থ রক্ষিত হয়, সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। শুধু লোকসানি প্রতিষ্ঠানের দায় থেকে মুক্ত হওয়া নয়, সরকারকে রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। ইতিবাচক এই সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট পথরেখা তৈরি করা জরুরি।

Read full story at source