জ্বালানি তেলের মজুত ঠেকাতে ৯ জেলায় বিজিবি মোতায়েন
· Prothom Alo

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বেড়ে যাওয়ায় দেশে মজুতদারি ঠেকাতে ৯টি জেলার ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেও কাজ করছে বাহিনীটি।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Visit h-doctor.club for more information.
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পিত কাঠামোর আওতায় ইউনিট সদর দপ্তর থেকে দূরে অস্থায়ী বেজক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে একজন কর্মকর্তার নেতৃত্বে তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তাব্যবস্থার কঠোর বাস্তবায়নে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানিয়েছে, ২৫ মার্চ সকাল থেকে ঢাকা জেলার ১টি, কুড়িগ্রামের ২টি, রংপুরের ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি ও সুনামগঞ্জ জেলায় একটি ডিপো অর্থাৎ মোট ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ জ্বালানি মজুত ও বিক্রি প্রতিরোধ এবং নাশকতা ঠেকাতে ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্টে তল্লাশি এবং সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আমদানি–রপ্তানিতে ব্যবহৃত ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহনেও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।