চুয়েটে এখনো ফাঁকা ৫৫ আসন, চতুর্থ পর্যায়ে ভর্তি শুরু ২২ এপ্রিল
· Prothom Alo
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২২ এপ্রিল এই পর্যায়ের ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। গতকাল বৃহস্পতিবার চুয়েটের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Visit asg-reflektory.pl for more information.
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত তিন ধাপে শিক্ষার্থী ভর্তি হয়েছেন ৮৬৫ জন। বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৯২০টি। সে হিসাবে ৫৫টি আসন এখনো ফাঁকা রয়েছে। অর্থাৎ মোট আসনের প্রায় ৫ শতাংশ ফাঁকা।
চতুর্থ দফায় কারা ডাক পেলেন
চতুর্থ দফায় ভর্তিপ্রক্রিয়ায় ৫০৫ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে। এই ধাপে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মূল মেধাক্রমে ৩০০১ থেকে ৩৫০০ পর্যন্ত থাকা শিক্ষার্থীদের ডাকা হয়েছে, আর স্থাপত্য বিভাগের মেধাক্রম ১২৬ থেকে ১৩০ পর্যন্ত ডাকা হয়েছে। নির্ধারিত এ মেধাক্রমে থাকা প্রার্থীদের সনদ যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা ২২ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় প্রত্যেককে স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় চশমা ব্যবহারকারী শিক্ষার্থীদের চশমা সঙ্গে রাখতে হবে।
অন্তর্ভুক্ত মেধাক্রমধারী প্রার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর অনলাইন পছন্দক্রম ফরম ও ড্যাশবোর্ডে নির্দেশিত অন্যান্য সব ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এটিই ২২ এপ্রিল নিয়ে আসতে হবে। কোনো প্রার্থী যদি আগে অনলাইন পছন্দক্রম ফরম পূরণ না করেন, তাহলে ভর্তির দিন তাঁকে পূরণের সুযোগ দেওয়া হবে। নিরীক্ষা বোর্ড শিক্ষার্থীদের সনদ যাচাই করার পর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবে।
যে প্রক্রিয়ায় ভর্তি
স্বাস্থ্য পরীক্ষার পরদিন, অর্থাৎ ২৩ এপ্রিল সকাল থেকেই মূল ভর্তি কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংকের চুয়েট শাখায় বেলা তিনটার মধ্যে জমা দিতে হবে। তবে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ২২ এপ্রিলই কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ব্যাংকে টাকা জমা দিয়ে ভর্তি হতে পারবেন।
ভর্তি হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল সনদ, ট্রান্সক্রিপ্টের মূল কপি, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, ট্রান্সক্রিপ্টের মূল কপি জমা দিতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান থেকে নেওয়া প্রশংসাপত্রের মূল কপি, সদ্য তোলা (অনধিক ৩ মাস) দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, হল পর্যবেক্ষকের স্বাক্ষরসংবলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে।