ভারী যান চলাচলে ক্ষতবিক্ষত সড়ক
· Prothom Alo
সড়কের ওপর পিচ নেই বললেই চলে। কোথাও মাটি বেরিয়ে এসেছে, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে সেই গর্তগুলোতে জমেছে কাদা। গর্ত এড়িয়ে চলারও সুযোগ নেই—একটার পর একটা গর্ত সড়কজুড়ে। কোনো কোনো জায়গায় ভাঙা অংশ এতটাই গভীর যে ভ্যান বা অটোরিকশা নিয়ে এগোনোও কঠিন। মাঝপথে যাত্রীদের নেমে যেতে হয়। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।
Visit asg-reflektory.pl for more information.
খুলনার রূপসা উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের বর্তমান চিত্র এটি। সড়কটির পাশেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর সমাধি কমপ্লেক্স। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি দিয়ে এখন আর স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে না। বর্ষায় দুর্ভোগ আরও বেড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শিল্প–কারখানার শ্রমিক ও পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত লোকজনকে। প্রতিদিন সড়কটি দিয়ে অন্তত পাঁচ হাজার মানুষ চলাচল করেন।
প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি উপজেলার রূপসা ফেরিঘাটের পূর্ব পার থেকে শুরু হয়ে চর রূপসা, বাগমারা হয়ে জাবুসা বাজারে গিয়ে শেষ হয়েছে। সড়কটির প্রায় তিন কিলোমিটার এখনো কাঁচা। ওরিয়ন পাওয়ার প্ল্যান্ট থেকে রূপসা সেতুর নিচ দিয়ে রূপসা ফেরিঘাট পর্যন্ত চার কিলোমিটার পাকা অংশটি বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ। মূলত এই অংশটি বেহাল। ২০১৭ সালে এ অংশে সামান্য কিছু সংস্কার করা হয়েছিল। এরপর আর কোনো সংস্কারকাজ হয়নি।
আবু হানিফ, স্থানীয় ভ্যানচালক আমাগো কষ্টের শেষ নাই। ঠেইলে-গুতাইয়ে যাওয়ার চেষ্টা করলিও মাঝখানে যাত্রীদের নাইমে যাইতি হয়।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সড়কটি কাগজপত্রে ‘গ্রামীণ সড়ক-এ’ শ্রেণির। প্রায় দুই যুগ আগে সড়কটি নির্মাণ করা হয়েছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। এখন সড়কের দুই পাশে গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য শিল্প–কারখানা। ফলে বেড়েছে ভারী যানবাহনের চলাচলও। সার, বালু, পাথর ও কয়লাবোঝাই ১০ চাকার ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহনের নিয়মিত চলাচলে সড়কটি ক্ষতবিক্ষত হয়েছে।
কাগজে গ্রামীণ, বাস্তবে শিল্পাঞ্চলের সড়ক
সড়কটির দুই পাশে চিংড়ি হিমায়িত ও প্রক্রিয়াজাত করার অন্তত ১৭টি কারখানা, বরফকল, অসংখ্য মাছের ডিপো, তিনটি প্রাথমিক বিদ্যালয়, কোস্টগার্ড ক্যাম্প, পুলিশ ক্যাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। চর রূপসা, বাগমারা ও জাবুসা এলাকার মানুষও যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করেন। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত তিন হাজার শ্রমিক এ সড়কে যাতায়াত করেন।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ভাঙাচোরা সড়কটির বেশির ভাগ জায়গায় পিচের চিহ্ন নেই। কোথাও খোয়া উঠে গেছে। প্রথম দেখায় কোনো কোনো অংশকে কাঁচা রাস্তা বলে মনে হতে পারে। নানা জায়গায় জমে আছে কাদাপানি। ভাঙাচোরা অংশ দিয়ে বালু, পাথর, সারসহ বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক ও ডাম্পার চলাচল করছে। পূর্ব রূপসার বাগমারা এলাকায় গেলে সড়ক বেহাল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অন্তত তিনজন। তাঁরা জানান, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা নেই।
এলজিইডির নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ২০ টন ভার বহনের উপযোগী সড়ক নির্মাণ করা যায়। কিন্তু শিল্পাঞ্চল হওয়ায় এই সড়কে ৫০ টন পর্যন্ত ভারী যান চলাচল করে। ফলে সড়কটি এলজিইডির কোনো শ্রেণির মধ্যে পড়ে না।
স্থানীয় বাসিন্দা আল মাহমুদ বলেন, মাঝে মাঝে স্থানীয় লোকজন নিজ উদ্যোগে সড়কের কিছু কিছু সংস্কার করেন। তবে এখন কোথাও কোথাও খালের মতো গর্ত হয়ে গেছে, দেখে মনে হয় সেখানে মাছ চাষ করা যাবে। তাঁরা এই দুর্ভোগের অবসান চান। ভ্যানচালক আবু হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমাগো কষ্টের শেষ নাই। ঠেইলে-গুতাইয়ে যাওয়ার চেষ্টা করলিও মাঝখানে যাত্রীদের নাইমে যাইতি হয়।’
ভারী যানবাহনের চাপ
এলজিইডি সূত্রে জানা যায়, ভারী যানবাহনের অতিরিক্ত চাপেই সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ছোট–খাটো সংস্কার করে এর স্থায়ী সমাধান হবে না। ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আরসিসি রাস্তা নির্মাণ করা প্রয়োজন।
এলজিইডির নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ২০ টন ভার বহনের উপযোগী সড়ক নির্মাণ করা যায়। কিন্তু শিল্পাঞ্চল হওয়ায় এই সড়কে ৫০ টন পর্যন্ত ভারী যান চলাচল করে। ফলে সড়কটি এলজিইডির প্রচলিত কোনো শ্রেণির মধ্যে পড়ে না। একটি সূত্র বলছে, সড়কটি গুরুত্বপূর্ণ, এটি এলজিইডিও জানে। কিন্তু এত বেশি ব্যয়ের বিধান এলজিইডির প্রচলিত নীতিমালায় নেই।
বছরের পর বছর পেরিয়ে গেলেও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের বেহাল দশার আর পরিবর্তন হয় না। ৯ আগস্ট খুলনার রূপসা এলাকায়গত জুন মাসে সড়কটির প্রায় চার কিলোমিটার সংস্কারের জন্য একটি প্রকল্পের আওতায় সাড়ে ৯ কোটি টাকার প্রাক্কলন তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছিল। কিন্তু সেটি ফেরত এসেছে।
এ বিষয়ে রূপসা উপজেলা প্রকৌশলী মো. নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ভালোভাবে সড়কটি সংস্কার করতে প্রতি কিলোমিটারে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা খরচ হবে। অথচ এলজিইডির ওই প্রকল্পে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ৯০ লাখ টাকা ব্যয় করা যায়। এ কারণে প্রাক্কলনটি ফেরত এসেছে। তবে বিশেষ বরাদ্দ ছাড়া সড়কটির সংস্কার করা সম্ভব নয়।