আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

· Prothom Alo

আদালত অবমাননার বিষয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই সতর্ক করেন।

Visit esporist.com for more information.

ট্রাইব্যুনাল গত ১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে আসাদুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। সেদিন এক ব্রিফিংয়ে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) বলেছিল, আসাদুজ্জামান এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অবমাননাকর কথা বলেছেন। এসব কথা ট্রাইব্যুনালের নজরে এসেছে।

এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামানকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। আজ তিনি ট্রাইব্যুনালে হাজির হন। শুনানিতে আসাদুজ্জামান বলেন, তিনি তাঁর বক্তব্যে ট্রাইব্যুনালের বিচারকদের উদ্দেশে কথাগুলো বলেননি।

ট্রাইব্যুনাল বলেন, কেউ বলতে পারবেন না যে, বিচারব্যবস্থা দুর্নীতিগ্রস্ত। কার বিরুদ্ধে অভিযোগ, তা সুনির্দিষ্ট করে বলতে হবে। আদালত সম্মানজনক প্রতিষ্ঠান। ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া, আইন নিয়ে সমালোচনা করার স্বাধীনতা রয়েছে। কিন্তু তিনি (আসাদুজ্জামান) এটাকে সাধারণীকরণ করতে পারেন না। ট্রাইব্যুনালকে নিয়ে তিনি এ ধরনের কথা বলতে পারেন না।

আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আসাদুজ্জামানকে দেশের সম্পদ উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, তাঁকে সতর্ক থাকতে হবে। একে অপরকে সম্মান করতে হবে। অকারণে কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না।

আসাদুজ্জামান বলেন, ভবিষ্যতে তিনি কথা বলার সময় সতর্ক থাকবেন।

ট্রাইব্যুনাল বলেন, তাঁর যদি অভিযোগ থাকে, সেটা সুনির্দিষ্টভাবে করতে হবে। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের উদ্দেশ্যে সেসব কথা বলেননি। তাই বিষয়টি বাদ দেওয়া হলো।

Read full story at source