তথ্য কমপ্লেক্স হবে জ্ঞান ও প্রযুক্তির শক্তিশালী কেন্দ্র: তথ্যমন্ত্রী
· Prothom Alo

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দিতে দেশের সর্বাধুনিক প্রযুক্তি-সংবলিত তথ্য কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তথ্য কমপ্লেক্স শুধু সরকারি তথ্য প্রচারের কেন্দ্র হবে না; বরং শিল্প–সংস্কৃতি, ইতিহাস–ঐতিহ্যসহ দেশের বিপুল তথ্যভান্ডার সংরক্ষণ, ডিজিটাল লাইব্রেরি, বিনোদন ও তরুণদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
Visit newsbetting.bond for more information.
রোববার দুপুরে বরিশাল নগরের কাশীপুর এলাকায় বিভাগীয় তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। স্থাপত্য ও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বরিশালে এ তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে।
গণপূর্ত বিভাগ সূত্র জানায়, দেশের সাতটি বিভাগীয় শহরে সাত তলাবিশিষ্ট সাতটি এবং ১৯টি জেলা শহরে পাঁচ তলাবিশিষ্ট ১৯টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। এসব কমপ্লেক্সের মাধ্যমে বিভাগ ও জেলা পর্যায়ে সরকারি তথ্য প্রচার, সংরক্ষণ ও ডিজিটাল সেবা সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তি ও জ্ঞানচর্চার সুযোগ তৈরির পরিকল্পনা আছে সরকারের।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘আজকের বিশ্ব তথ্যপ্রযুক্তির। প্রতিদিন প্রযুক্তির সম্ভাবনার বিবর্তন ঘটছে। সেই পরিবর্তনের সঙ্গে এগিয়ে যেতে হলে আমাদের তরুণদেরও খাপ খাওয়াতে হবে। তাদের দক্ষতা বাড়াতে হবে এবং নতুন নতুন প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে হবে।’ তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সরকার তরুণদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করতে চায়। বরিশালের তথ্য কমপ্লেক্সকে সেই লক্ষ্যেই একটি আধুনিক ও বহুমুখী কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
শুধু অবকাঠামো নির্মাণ করলেই তথ্য কমপ্লেক্সের মূল্য নির্ধারণ করা যাবে না মন্তব্য করে জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের সরকার তথ্য কমপ্লেক্সের কার্যক্রমকে বৈশ্বিক মানে নিয়ে যেতে চায়। অবকাঠামোগত সুবিধা তৈরির পাশাপাশি সফটওয়্যার, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক কার্যক্রমের ওপরও গুরুত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়।
একটি কেন্দ্রীয় ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল লাইব্রেরির সঙ্গে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের তথ্য কমপ্লেক্সগুলোর সংযোগ থাকবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ একই তথ্যভান্ডারে প্রবেশের সুযোগ পাবেন। এ সময় তথ্য কমপ্লেক্সে একটি বড় ডেটা সেন্টার ও আধুনিক প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
জহির উদ্দিন আরও বলেন, ‘একসময় তথ্যের অপ্রতুলতা ছিল। তথ্য পাওয়া যেত না। এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এখন তথ্যের অবাধ ও নিয়ন্ত্রণহীন প্রবাহ। পৃথিবীতে তথ্য এত বেশি যে কৃত্রিম বুদ্ধিমত্তা তা একপলকে আপনার সামনে হাজির করতে পারে।’ তাঁর মতে, তথ্যের এই বিপুল প্রবাহ বাংলাদেশের জন্য বড় সম্পদ। তবে এই সম্পদকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ প্রমুখ বক্তব্য দেন।